Newsvob.com.: অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের আর কোনো শক্তি নেই, একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি। মানুষের আস্থা-বিশ্বাস; এটাই আমাদের বড় শক্তি।’
রোববার (২৫ ডিসেম্বর) সকালে টানা ১০ বার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান তৃণমূল নেতাকর্মীরা। এ সময় তাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে এ দেশের মানুষের উন্নয়ন কেউ আটকাতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, সংগঠন বলতে যদি কিছু বোঝায়, তাহলে সারা বাংলাদেশে শুধু আওয়ামী লীগই আছে। কারণ আমরা তো মাটি-মানুষ থেকে গড়ে উঠা সংগঠন।
বিএনপি-জাতীয় পার্টি এগুলো তো অবৈধভাবে, সংবিধান লঙ্ঘনকারী একেকজন শাসকদের পকেট থেকে বের হওয়া দল; যারা ভাসমান। শেখ হাসিনা আরও বলেন, দেশের মানুষের জন্য এদের দায়-দায়িত্ব বলতে গেলে কিছুই নাই। যদিও তারা দাবি করে যে, তারা অনেক বছর ক্ষমতায় ছিল। তারা জনগণের জন্য কিছু করেছে; আসলে তা কিন্তু নয়। তারা জনগণের নয়, ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য গড়েছে।