চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আশা করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জের পাশে অনুষ্ঠিত রসায়ন বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসবে তিনি এ আশা ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ভালো নির্বাচন হয়েছে বিধায় নির্বাচন বর্জনকারীরাও জয়লাভ করেছেন। এ ছাড়া নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদের বিকল্প নেই। তাই আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন সহসায় চাকসু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কিছু ত্রুটি-বিচ্যুতির কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকারও করেছে। এ নিয়ে তদন্তও হচ্ছে। তবে নির্বাচন সুষ্ঠু না হলে সহসভাপতি (ভিপি) পদে জয়লাভ সম্ভব হতো না।
রসায়ন বিভাগের অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী ও এস এম আবে কাউছারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রসায়ন বিভাগের অধ্যাপক শাহানারা বেগম। এ ছাড়া উৎসবে ওই বিভাগের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।