নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টি (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন। এরই ধারাবাহিকতায় রাত ৯টার দিকে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্রিফিং করছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হঠাৎ অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ভিপি নুরের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান।
ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিন্দা ও প্রতিবাদ জানায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা এ হামলাকে “আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ” বলেও অভিহিত করেছেন।
এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সামাজিক মাধ্যমে নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ভিপি নূরের ওপর এ বর্বরোচিত হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি।”
রাজনৈতিক অঙ্গনে এ ঘটনার প্রতিক্রিয়া আরও বিস্তৃত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।