রংপুরে এরশাদের লাঙ্গলের গণজোয়ার

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে ভোট চেয়ে রংপুরে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় লিফলেট বিলির মধ্য দিয়ে গণসংযোগের উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান, মহানগর সভাপতি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় মোস্তফা বলেন, জাতীয় পার্টি সরকারের উন্নয়ন অংশীদার। রংপুরের উন্নয়নে এরশাদের চাইতে আর কারো অবদান বেশি নেই। রংপুর বিভাগ প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয় স্থাপন, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাসহ মেট্রোপলিটন যা কিছুই হয়েছে জাতীয় পার্টির কারণেই হয়েছে। আমরা রাজপথে থেকে হরতাল আন্দোলনের মাধ্যমে উন্নয়ন আদায় করেছি।
গণসংযোগকালে জাতীয় পার্টির নেতা-কর্মীরা নগরীর সিটি বাজার, সুপার মার্কেট, মিনি মার্কেট, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড় এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে লাঙল প্রতীকে ভোট চান তারা।
এসময় গণসংযোগে অংশ নেন রংপুর মহানগর জাপার সাধারন সম্পাদক এস এম ইয়াসীর, রংপুর জেলা, মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মহানগর দপ্তর সম্পাদক মোঃ কাজী জাহিদ হোসেন লুসিড, জাতীয় পেশাজীবি পরিষদের সভাপতি ডাঃ এ আর রুপক, জাতীয় যুব সংহতি মহানগর যুগ্ন আহবায়ক মোঃ আবু আসাদ সাজু, মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইয়াসীর আরাফাত আসিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, জেলা জাতীয় ছাত্রসমাজ নেতা আল আমিন সুমনসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *