নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্ক : টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১১ জুলাই) অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর, হারুয়ালছড়ি ও আশপাশের বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন গুইমারা রিজিয়নের সদস্যরা।
সেনাবাহিনী শুরুতে নৌযান ও বিভিন্ন উপায়ে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করেন। পরে পানিবন্দি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাদ্যসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং চলমান বন্যা পরিস্থিতিতে নিরাপদে অবস্থান, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘব এবং খাদ্যসংকট মোকাবিলায় গুইমারা রিজিয়নের সদস্যরা মাঠপর্যায়ে সার্বক্ষণিক কাজ করছেন। প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতিও রয়েছে তাদের।
সেনাবাহিনীর পক্ষ হতে জানানো হয়, যেকোনও দুর্যোগ, দুর্বিপাক ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে সর্বদা সেনা সদস্যরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী দুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে করে যাবে। চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।
দুর্গত এলাকার সুবিধাভোগীরা জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশ এবং জাতির সেবা করে আসছে। বন্যার মতো সংকটময় পরিস্থিতিতে তারা উদ্ধার, ত্রাণ, বিতরণ কিংবা বন্যা-পরবর্তী পুনর্বাসনে সর্বদা অগ্রগামী ভূমিকায় বার বার প্রশংসিত। দেশের নানান ক্রান্তিকালে ভরসার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী।

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
প্রতিনিধির নাম : 









