নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্ক: রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতের বজ্রসহ ভারী বর্ষণে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দিনভর পানি নিষ্কাশন ও বর্জ্য অপসারণে প্রশাসন তৎপর থাকলেও নগরবাসীকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়েছে।
জলাবদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে ডিএসসিসির প্রশাসক দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), পলাশী মোড় ও নিউমার্কেটসহ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পানি নিষ্কাশন কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, ভোর ৪টা থেকে শুরু হওয়া ভারী বর্ষণের কারণে বিভিন্ন সড়কে পানি জমে যায়। নগরবাসীর দুর্ভোগ কমাতে ভোর থেকেই পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠে কাজ শুরু করে।
তিনি বলেন, ড্রেনের মুখ পরিষ্কার, জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ অব্যাহত রয়েছে। পাশাপাশি পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্তকরণ অভিযানও পরিচালনা করা হচ্ছে।
পরিদর্শনের সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা শিথিলতা দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন ডিএসসিসির প্রশাসক। তিনি বলেন, ফজরের সময় থেকেই কর্মীদের পুরোপুরি কাজে নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তা শতভাগ বাস্তবায়িত হয়নি।
প্রশাসক আরও বলেন, সারারাতের বৃষ্টিতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে বৃষ্টি কমার পর কর্মীদের আরও দ্রুতগতিতে কাজ শুরু করার কথা থাকলেও কিছু ক্ষেত্রে গাফিলতি দেখা গেছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে তিনি অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার প্রবণতাকে দায়ী করেন। তার ভাষ্য, রাস্তায় ফেলে দেওয়া পলিথিন, প্লাস্টিক ও চায়ের কাপ ড্রেনের মুখ বন্ধ করে দেয়, ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
ফুটপাত দখল প্রসঙ্গে তিনি বলেন, সড়কের ওপর কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। তবে পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে বড় ফুটপাতগুলোতে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় হকারদের বিষয়ে আলোচনা করা হতে পারে। এ বিষয়ে হকার নেতাদের সঙ্গে পরবর্তী সময়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ
প্রতিনিধির নাম : 













