নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ দোহায় হামাসের সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় ইরান তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলায় একাধিক হামাস নেতা ও সাধারণ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ঘটনাটিকে একটি “হত্যাকাণ্ড অভিযান” হিসেবে অভিহিত করা হচ্ছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলি লারিজানি এক জরুরি বার্তায় বলেন, “কাতারের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুধু কাতারের বিরুদ্ধেই নয়, বরং গোটা অঞ্চলের জন্য একটি বার্তা। এই শাসনের আসন্ন আধিপত্যের জন্য আঞ্চলিক দেশগুলোকে প্রস্তুত থাকতে হবে।”
লারিজানি আরবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেন, “সিয়োনিস্ট সত্তার সর্বশেষ অপরাধের বার্তা কাতারে। হে আঞ্চলিক দেশগুলো! আসুন আমরা আসন্ন আধিপত্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হই।”
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স-এ এক পোস্টে কাতারের জনগণ ও সরকারকে সমবেদনা জানিয়ে লিখেছেন, “প্রিয় কাতারি জনগণ ও সরকারকে আক্রমণ করে জঘন্য অপরাধ করেছে ইসরায়েল। এমন ঘটনা ইরান কল্পনাও করেনি।”
ইরান বলেছে, মুসলিম বিশ্বকে এখনই ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ইসরায়েলের এই আগ্রাসন ও প্রভাব বিস্তার রোধ করা যায়।