একাদশ সংসদে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী জাহিদুর রহমান জাহিদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছে তিনি শপথ গ্রহণ করেন। এর আগে স্পিকারের পিএস কামাল বিল্লাহ মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বিএনপি নেতা জাহিদ-এর শপথ গ্রহণ উপলক্ষ্যে সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিতে আজ সকালেই সংসদ ভবনে যান বিএনপির বিজয়ী এই বিএনপি নেতা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মাত্র ৬ প্রার্থী বিজয়ী হন। বিজয়ীদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। কারচুপির এই নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।
এখনও সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। দলীয় সেই সিদ্ধান্ত অমান্য করেই সংসদ সদস্য হিসেবে আজ শপথ নিলেন জাহিদুর রহমান জাহিদ।