নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়তে থাকা পরিস্থিতির মধ্যে ইরাক ও আশপাশের অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭টি হামলা চালানোর দাবি করেছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
শুক্রবার (৬ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়েছে, মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরআই জানায়, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকে অবস্থানরত ‘শত্রু ঘাঁটিগুলোতে’ এসব হামলা চালিয়েছে।
তবে এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। পাশাপাশি কোন কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে সম্পর্কেও নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি গোষ্ঠীটি।
আইআরআই মূলত ইরান-সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠীর একটি মোর্চা। অতীতে তারা ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী আইএসআইএল-এর (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল।
এ ছাড়া গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে এর আগেও বিভিন্ন সময়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।