জে,রশীদ ,নিউস ভয়েস অফ বাংলাদেশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউ এলাকায় ছিনতাইয়ের শিকার প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬) নিহতের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ। অভিযানে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং ভিকটিমের লুণ্ঠিত ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ খোকন (৩৫) ও ২। মোঃ রাজিব মাতুব্বর (৩৬)।
গত শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন তার স্বামীর সঙ্গে রিকশাযোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন। শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউর পূর্বপ্রান্তে ১২ নং গেইট পার হয়ে খেজুর বাগান অভিমুখী রাস্তায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী খোকন ও রাজীব তাদের পিছু নেয়। খেজুর বাগানের সামনে পৌঁছা মাত্রই মোটরসাইকেলের পেছনে থাকা খোকন ভিকটিমের হাতের ব্যাগ ধরে সজোরে হ্যাঁচকা টান দেয়। এতে রনজিলা পারভিন ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ আব্দুল মতিন (৫৩) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ বিষয়টি অত্যন্ত গুরত্বের সাথে ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ। পরবর্তীতে ঢাকা, সাভার ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে সরাসরি জড়িত খোকন ও রাজিবকে গ্রেফতার করা হয়। এসময় রাজিবের হেফাজত হতে ৬২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিরপুরের বড়বাগ এলাকা থেকে নিহতের ছিনতাই হওয়া ব্যাগ এবং মিরপুর-১-এর কো-অপারেটিভ মার্কেট থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। অন্যদিকে রাজিব মাতুব্বরের দেখানো মতে ভাষানটেকের দেওয়ান পাড়া এলাকা থেকে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা ছিনতাই ও হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
প্রতিনিধির নাম : 











