ইরান যুদ্ধে কতটা প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ইরান যুদ্ধের ভবিষ্যৎ গতিপ্রকৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি মনে করেন, এই নির্বাচনী ফলের ওপর নির্ভর করছে ওয়াশিংটনের আগামী দিনের কৌশলগত পদক্ষেপ। সম্প্রতি সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ভূরাজনৈতিক আশঙ্কার কথা তুলে ধরেছেন।

ত্রিতা পারসির মতে, মঙ্গলবারের ওই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি বিজয়ী হলে এবং রিপাবলিকানরা কোণঠাসা হয়ে পড়লে বর্তমান প্রশাসনের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হবে। বিশেষ করে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে তারা ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে। এমনকি কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকায় যুদ্ধ পরিচালনার বাজেট বা অর্থায়নও বন্ধ করে দেওয়ার সুযোগ থাকবে।

অন্যদিকে, নির্বাচনে রিপাবলিকানরা রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়লে মার্কিন প্রেসিডেন্ট আরও বেশি বেপরোয়া পদক্ষেপ নিতে পারেন বলে সতর্ক করেছেন এই বিশ্লেষক। এর পেছনে তিনি অতীতে ক্ষমতা হারানোর সময়ের মানসিকতা ও আচরণকে উদাহরণ হিসেবে টেনেছেন। ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিলেন এবং পরবর্তী সময়ে ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটেছিল, সেই স্মৃতি এখনো প্রাসঙ্গিক বলে মনে করেন তিনি।

নির্বাচনের ফলাফল এবং নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর মধ্যবর্তী সময়টিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পারসির আশঙ্কা, আগামী জানুয়ারি মাসে নতুন কংগ্রেস বসার আগেই ইসরাইলি সরকার মার্কিন প্রশাসনের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইরানে বড় ধরনের সামরিক অভিযানের জন্য তারা তৃতীয় দফায় চাপ বাড়াতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিতে পারে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *