নিউস ভয়েস অফ বাংলাদেশ : নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ-কে দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর আগে একই দিনে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন-কেও প্রত্যাহার করা হয়।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ওসি মো. দাউদ হোসেনের প্রত্যাহার আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর উত্তরা, বাড্ডা, ভাটারা, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় একটি মিছিল বের করে।
মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের দাবি, এ সময় মিছিলকারীরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
একই ঘটনার প্রেক্ষাপটে গুলশান বিভাগের ডিসি ও গুলশান থানার ওসিকে একই দিনে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ডিএমপির অফিস আদেশে উভয় কর্মকর্তার ক্ষেত্রেই কারণ হিসেবে কেবল “প্রশাসনিক কারণ” উল্লেখ করা হয়েছে; এর বাইরে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া
প্রতিনিধির নাম : 













