Blog

  • জানুয়ারিতে বায়ার্নে যোগ দেবেন হার্নান্দেজ

    জানুয়ারিতে বায়ার্নে যোগ দেবেন হার্নান্দেজ

    আসছে জানুয়ারিতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিশ্বকাপ জয়ী লেফট ব্যাক লুকাস হার্নান্দেস। বুধবার স্পেনের পত্রিকা মার্সার এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

    ফরাসি এই আন্তর্জাতিক তারকাকে দলে ভেড়াতে ৮০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি বুন্দেস লীগায় বর্তমানে তৃতীয় অবস্থানে থাকা জার্মান চ্যাম্পিয়নরা।

    যদিও ওই রিপোর্টের বিষয়টি উড়িয়ে দিয়েছে বায়ার্নের ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিক। তিনি বলেন, ‘এটি আমি নিশ্চিত করতে পারছি না। এটি নেহায়েত গুজব। আমি শুধু এইটুকুই বলব সুযোগ পেলে আমরা দলবদলের বাজারে সক্রিয় থাকব। তবে এই খবরটি নেহায়েত গুজব।’

  • নৌকার পক্ষে ভোট চাইলেন ওসি

    নৌকার পক্ষে ভোট চাইলেন ওসি

    সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ নৌকার পক্ষে ভোট চাইলেন। তিনি স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে নৌকা মার্কায় ভোট দিতে বলেন।

    ওসি মারুফ কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ভোটারদের প্রতি এই আহ্বান জানান। তার দেয়া বক্তব্যটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পরেছে।

    তিনি তার বক্তব্যে বলেন, ‘এতক্ষণ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তৃতা দিয়ে গেছেন। আপনাদেরকে আগামী একাদশ সংসদ নির্বাচনের মেসেজ পৌঁছে দিয়েছেন। তারা বলেছেন, কোন মার্কায় ভোট দিতে হবে। আজকে আমি প্রশাসনের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আপনারা ভোট দেবেন, নৌকা মার্কায় ভোট দেবেন। কারণ এই সরকার যত উন্নয়ন করেছে, এই সরকার যেভাবে জনগণের পাশে থেকেছে, আগামীতেও যেন আপনাদের পাশে থেকে সকল বাধা বিপত্তি দূর করে কলারোয়াকে একটি মডেল জেলা হিসেবে উন্নীত করে। এখানকার মানুষ যেন আগামীতে গর্ব করে বলতে পারে আমি কলারোয়ার অধিবাসী, আমি সাতক্ষীরার অধিবাসী।

    এই আশাবাদ ব্যক্ত করছি আর সেই সাথে আগামী নির্বাচনের একটা মেসেজ পৌঁছে দিতে চাই, কোন দুর্বৃত্ত, কোন পেশীশক্তির, জায়গা অন্তত কলারোয়া, সাতক্ষীরাতে হবে না ইনশাল্লাহ। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আপনার ব্যালোট, আপনার বুলেট, আপনি ভোটের মাধ্যমে দেখিয়ে দেবেন। যে আপনি স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে আছেন। তাই আমাদের জননেত্রী, বাংলাদেশ সরকারের এই নির্বাচনকালীন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী, আমাদের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আপনার একটি ব্যালোট, আপনার একটি ভোট অতি মূল্যবান। আপনি আপনার ভোটটি সযত্নে, সুযোগ্য জায়গায় দিয়ে আপনার অবস্থান জানান দিবেন এবং আগামীতে সরকারের যাতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে, সেজন্য আপনার সহযোগিতা একান্ত কাম্য।’

    তিনি আরো বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ, সাতক্ষীরা শিল্পকলা একাডেমিকে একটি চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ। সেই সাথে সর্বশেষ আপনাদেরকে একটি কথা বলবো যে, উন্নয়নের জন্য এই সরকার, যেটি একটু আগে আমাদের রত্না ভাবী বলেছেন যে, এই উন্নয়নের স্বার্থে এই সরকার, বাংলাদেশ সরকার, এই আওয়ামী লীগ সরকার বারবার দরকার। তাই আসুন, আমরা আবার এই সরকারকে ক্ষমতায় এনে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখি। সকলকে ধন্যবাদ। কলাকৌশলী যারা আজকে আমাদের এই এক্রোবেটিক প্রদর্শনী করছেন, শরীর চর্চা করছেন, আমাদের ডিসপ্লে দেখাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ।

    সকলকে আবার যে কথা বলবো, আমার এখানে মিল্টন ভাই আছেন, আমার স্বপ্না আপা আছেন, রত্না দি আছেন। সকলের কাছে অনুরোধ করবো, ইনশাল্লাহ আগামী ৩০ তারিখের পরে আমরা ম্যান্ডেট নিয়ে, আমাদের বিজয় নিয়ে এক সপ্তাহের মধ্যে সেরকম একটা অনুষ্ঠান, সরকারি জি কে এম কে স্কুলের বলফিল্ড মাঠে আমরা করবো। সেখানে গানবাজনা করবো, সকলে আমরা আনন্দ ভাগাভাগি করে নেবো। সকলকে ধন্যবাদ, আসালামুয়ালাইকুম, বাংলাদেশ চিরজীবী হোক।’

  • ‘নিরপেক্ষ’ হতে চার ডিসিকে উড়োচিঠিতে হুমকি

    ‘নিরপেক্ষ’ হতে চার ডিসিকে উড়োচিঠিতে হুমকি

    দেশের চারজন জেলা প্রশাসককে (ডিসি) বেনামে চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরপেক্ষ হওয়ার জন্য তাদের সতর্ক করে এই চিঠি দেওয়া হয়েছৈ। গত কয়েক দিনে এ জেলা প্রশাসকদের হুমকি দিয়ে ডাকযোগে চিঠিগুলো পাঠানো হয়।

    হুমকি পাওয়া ডিসিরা হলেন- বাগেরহাটের তপন কুমার বিশ্বাস, ফরিদপুরের উম্মে সালমা তানজিয়া, বরগুনার কবির মাহমুদ ও সিরাজগঞ্জের কামরুন নাহার সিদ্দিকা ।

    বাগেরহাট : ডাকযোগে  পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘বর্তমান সময়ে আপনার সকল কার্যকলাপ তৎপরতা আপত্তিকর পক্ষপাতদুষ্টে দৃষ্ট। আপনি কি প্রজাতন্ত্রের? আওয়ামী লীগ কর্মী? আপনারা হয়ত সব খবর রাখেন না। নির্বাচনের আগে পরে কিছু তো হবে। কেউ বসে নেই, তাই আপনার প্রতি অনুরোধ আপনি আগামী তিনদিনের মধ্যে শতভাগ নিরপেক্ষ হয়ে যান। হতে হবে। অন্যথায় এ্যাকশন। আপনার পরিবার পরিজন, আত্মীয়স্বজন। এবার কৌশল পরিবর্তন, যেখানেই পাওয়া যাবে সেখানেই আক্রান্ত করা হবে। এবার আপনারাই (ডিসি) টার্গেট, এবার আর ছাড় দেয়া হবে না।’

    চিঠিতে আরও বলা হয়, ‘আপনার প্রতিদিনের তৎপরতা মনিটর হচ্ছে, আপনার অপরাধ দিনদিন ভারী হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে নিজেকে শতভাগ নিরপেক্ষ প্রমাণ করুন। অন্যথায় এ্যাকশন।’

    চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস বলেন, ‘আমার মনোবল ভেঙে দেয়ার জন্য চিঠিটি দেয়া হয়ে থাকতে পারে। আমি ভীত না হয়ে মনোবলকে শক্ত রেখে আগামী ৩০ ডিসেম্বর বাগেরহাটে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করব। আমাকে দেয়া হুমকির চিঠির বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপারকে জানানো হয়েছে। আমার সহকর্মীরাও বিষয়টি অবহিত। প্রশাসনের পক্ষ থেকে আমরা সতর্ক রয়েছি।’

    ফরিদপুর: জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে গত বুধবার উড়োচিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে তাকে ও তার পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করা হবে।

    উম্মে সালমা তানজিয়া জানান, খামের ওপর ‘গোপনীয়’ লেখা চিঠিটি অফিসের সিএর মাধ্যমে তার হাতে পৌঁছে। লাল-সবুজ কালি দিয়ে লেখা চিঠিটি তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে।

    ডিসি বলেন, চিঠিতে তাকেসহ তার পরিবারের সদস্যদের ক্ষতিসাধন করা হবে মর্মে হুমকি দেয়া হয়েছে। তিনি জেলা রিটার্নিং অফিসার হিসেবে মোটেও বিচলিত নন এ চিঠি পেয়ে। চিঠির নিচে ‘চলমান’ লেখা রয়েছে। এ থেকে অনুমান করা হচ্ছে আগামীতে এ জাতীয় চিঠি তার কাছে আসতে পারে।

    বরগুনা: জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা কবির মাহমুদ বলেন, ‘বৃহস্পতিবার আমার নামে ডাকযোগে একটি চিঠি আসে। সেটি খুলে দেখতে পাই, বরগুনার দুটি সংসদীয় আসনের নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে আমি ও আমার পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের জন্য হুমকি দেয়া হয়েছে।’

    তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

    সিরাজগঞ্জ: জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও তার পরিবারকে হুমকি দেয়া হয়েছে। বুধবার সকালে সিরাজগঞ্জ ডিসি অফিসের ঠিকানায় হুমকির এ চিঠিটি আসে।

    জেলা প্রশাসক জানান, খাকি রঙের খামে এক পাতার এই চিঠিতে প্রেরকের নাম-ঠিকানা লেখা নেই। বিষয়টি পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়েছে।

    কামরুন নাহার সিদ্দিকা বলেন, ‘চিঠিতে বলা হয়েছে, আমার কর্মকাণ্ড তারা খেয়াল করছে। তিনদিনের মধ্যে আমি যদি ঠিক না হই তাহলে তারা আমাকে দেখে নেবে। শুধু আমাকে না আমার আত্মীয়-স্বজন ছেলে-মেয়ে ও সম্পত্তির উপর তারা নজর রাখছে। ঠিক না হয়ে গেলে তারা আক্রমণ চালাবে। চিঠির শেষের অংশে লেখা আছে চলমান।’ সূত্র : যুগান্তর।

  • উন্নয়ন অব্যাহত রাখতে আবারো আ.লীগকে নির্বাচিত করুন : প্রধানমন্ত্রী

    উন্নয়ন অব্যাহত রাখতে আবারো আ.লীগকে নির্বাচিত করুন : প্রধানমন্ত্রী

    দেশের উন্নয়নের অব্যাহত রাখতে এবং আবারো জনগণের সেবা করার সুযোগ দিতে আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
    বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার ধানমণ্ডির সুধাসদন বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে এ আহ্বান জানান।
    প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে দেশে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছি। এছাড়া অনেক মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এজন্য আমি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনগণকে আবারো সেবা করার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানাই।
    আওয়ামী লীগ সভাপতি বিশাল উৎসবের মধ্য দিয়ে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে তার সরকারকে পুনঃনির্বাচিত করার আহ্বান জানান।
    তিনি বলেন, আমরা ২০২০-২০২১’কে ইতোমধ্যে মুজিব বর্ষ ঘোষণা করেছি। এ জন্য আমরা বিশাল উৎসবের সাথে যথাযোগ্য মর্যাদায় মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সুযোগ চাই।
    প্রধানমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীকে নির্বাচিত করার জন্য রাজশাহীর মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
    তিনি বলেন, এজন্য আমি আপনাদের কাছে চাই যে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে যেভাবে আমাদের প্রার্থীকে নির্বাচিত করেছেন একইভাবে আসন্ন সাধারণ নির্বাচনেও আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীকে বিজয়ী করবেন।
  • মহাকাশে ১৬৫ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী

    মহাকাশে ১৬৫ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী

    মহাকাশে ১৬৫ দিন কাটানোর পর রাশিয়ার মাক্সিম সুরাইয়েভ ও অ্যামেরিকার রিড ওয়াইজম্যানের সঙ্গে পৃথিবীতে ফিরেছেন জার্মান নভোচারী আলেক্সান্ডার গেয়ার্স্ট। সোমবার ভোরে মহাকাশযান সোইয়ুজ তাঁদের নিয়ে কাজাখস্তানে অবতরণ করে।

    কাজাখস্তানে সোইয়ুজ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তিন নভোচারীকে কম্বলে জড়িয়ে দেয়া হয়। ভূপৃষ্ঠে পা রাখার কিছুক্ষণ পর এক টেলিভিশন চ্যানেলকে রুশ ভাষায় গেয়ার্স্ট বলেন, ‘সার্বিক সহায়তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ৷।’

    আইএসএস-এ গিয়ে কাজ করা জার্মানির একাদশতম মহাকাশচারী গেয়ার্স্ট আইএসএসে পৌঁছানোর পর থেকেই টুইটারে নিজের নানান অভিজ্ঞতার কথা লিখে আসছিলেন। ৩৮ বছর বয়সী গেয়ার্স্ট সোমবার জার্মানির কোলন শহরে ফিরবেন। বন শহরের পাশের শহর কোলনে তাঁর অপেক্ষায় আছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

    ১৬৫ দিনের অভিযানে আইএসএসে কমান্ডার, অর্থাৎ নেতৃত্বের ভূমিকায় ছিলেন রাশিয়ার নভোচারী মাক্সিম সুরাইয়েভ। তিনি জানান, বিভিন্ন কাজে যখনই দায়িত্ব বণ্টনের এবং নেতৃত্বের প্রশ্ন এসেছে তাঁরা তখন সৌহার্দ্যকে অটুট রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে কখনো কোনো মনোমালিন্য হয়নি বলেও জানিয়েছেন তিনি।-ডয়েচে ভেলে।

  • বিএনপির ৭ জনের প্রার্থিতা বাতিল, ৪ জনের প্রতীক বদল

    বিএনপির ৭ জনের প্রার্থিতা বাতিল, ৪ জনের প্রতীক বদল

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সাতজনের প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট। এ ছাড়া চার প্রার্থীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

    আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ্‌ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

    হাইকোর্ট যাদের মনোনয়নপত্র বাতিল করেছেন তারা হলেন— জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার (শামীম), ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মোসলেমউদ্দিন, ঝিনাইদহ-২ আসনের আবদুল মজিদ, রংপুর-১ আসনের আসাদুজ্জামান বাবুল, ময়মনসিংহ-৮ আসনের মাহমুদুল হাসান সুমন, জয়পুরহাট-১ আসনের ফজলুর রহমান এবং রাজশাহী-৬ আসনের আবু সাঈদ চাঁদ।

    এর আগে বিএনপির এই প্রার্থীরা উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন। পরে কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক রিট আবেদন করা হয়। আবেদনগুলোর শুনানি নিয়ে বিএনপির এই প্রার্থীদের প্রার্থিতা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। অবশ্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন এই প্রার্থীদের আইনজীবীরা।

    এদিকে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির খন্দকার আবদুল হামিদ ডাবলুকে, নাটোর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলের পরিবর্তে কামরুন্নাহার শিরিনকে, নওগা-১ আসনে মোস্তাফিজুর রহমানকে এবং বগুড়া-৩ আসনের মাসুদা মোমিনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সমকালকে জানান, উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় হাইকোর্ট ৭ জনের প্রার্থিতা বাতিলের পাশাপাশি ৪ জনের প্রতীক পরিবর্তন করেছেন।

    তিনি বলেন, একজনকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়ে প্রতীক বরাদ্দ দেওয়ার পর সেটা পরিবর্তন করা নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে বিএনপি সেটাই করেছে। যার ফলে বঞ্চিত প্রার্থীরা আদালতে রিট করে লাভবান হয়েছেন।

  • লন্ডনে গ্যাটউইক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

    লন্ডনে গ্যাটউইক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

    লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ফ্লাইট স্থগিত হয়েছে। যুক্তরাজ্যের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর গ্যাটউইক। বিমানবন্দর এলাকার ওপর দুটি ড্রোন উড়ে যাওয়ার খবরে তদন্ত শুরু হলে এসব ফ্লাইট স্থগিত করা হয়েছে। বড়দিনের ছুটির আগে ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা বিড়ম্বনার শিকার হয়েছে।

    গ্যাটউইক বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, উড়োজাহাজগুলো বিমানবন্দর ছেড়ে যাচ্ছে না। শিডিউল অনুযায়ী গ্যাটউইকে নামার কথা—এমন বেশ কয়েকটি উড়োজাহাজ দিক বদল করে অন্য বিমানবন্দরে অবতরণ করবে। যাত্রীদের বিড়ম্বনার জন্য টুইটে গ্যাটউইক ক্ষমা প্রার্থনা করেছে। গ্যাটউইক বলছে, নিরাপত্তাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।

    রয়টার্সের খবরে জানানো হয়, গত কয়েক বছরে চালকবিহীন উড়োজাহাজ ও বাণিজ্যিক জেটগুলোর মধ্যে সংঘর্ষ বেড়েছে। এতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিমানবন্দর কর্তৃপক্ষ।

    ইউকে এয়ারপ্রক্স বোর্ড বলছে, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যক্তিমালিকানাধীন ড্রোন ও উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা তিন গুণ বেড়েছে। গত বছর এ রকম ৯২টিরও বেশি সংঘর্ষ হয়েছে।

    গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট চলাচল সময় জানাতে পারেনি। তদন্তকাজে নিয়োজিত পুলিশ আশ্বস্ত করার পর ফ্লাইট আবার চালু করার বিষয়ে জানানো হবে।

  • লিটনের পর সাকিব–মাহমুদউল্লাহর ঝড়, বাংলাদেশ ২১১

    লিটনের পর সাকিব–মাহমুদউল্লাহর ঝড়, বাংলাদেশ ২১১

    প্রথমে লিটন দাস, পরে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ—এই তিন ব্যাটসম্যান আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঝড় তুললেন, আর এতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রান তুলেছে বাংলাদেশ।

    বেশ শীত পড়েছে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গ্যালারির দর্শকেরা তাই গুটিসুটি মেরেই বসেছিলেন। কিন্তু বেশিক্ষণ থাকা যায়নি। প্রথমে লিটন দাস পরে সাকিব, মাহমুদউল্লাহদের দুর্দান্ত সব স্ট্রোকে শীতের ‘ওম’ পেয়েছেন দর্শকেরা। আর ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কপাল থেকে ঝরেছে ঘাম, দুশ্চিন্তার ঘাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ তুলেছে ৪ উইকেটে ২১১। এটি মিরপুরে টি-টোয়েন্টি ক্রিকেট সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

    টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের পিটিয়ে ছাতু বানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। আজ বোধ হয় তার শোধ তুলতেই নেমেছিলেন লিটনরা। আগে ব্যাটিংয়ে নেমে শেলডন কটরেলের করা প্রথম ওভারে ৯ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন। তামিম অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। শুরু থেকেই টাইমিং করতে কিছুটা সমস্যা হচ্ছিল তাঁর। পঞ্চম ওভারে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েছেন বাজে টাইমিংয়েরই খেসারত গুণে। তার আগে ১৬ বলে করেছেন ১৫ রান। তবে অন্য প্রান্তে সুবাস ছড়িয়েছেন লিটন।কটরেলের করা তৃতীয় ওভারে এসেছে ১৩ রান, এর মধ্যে লিটন তিন চারে একাই তুলেছেন ১২। তিনটি শটই ছিল নান্দনিক। ব্রাফেটের করা পরের ওভারেও এসেছে ১৩ রান। সেই ওভারের শেষ দুই বলে লিটনের মারা দুটি ছক্কা দর্শকদের মনে থাকবে বহু দিন। দ্বিতীয় উইকেটে সৌম্য-লিটনের ৪৩ বলে ৬৮ রানের জুটিতেই মূলত প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৯৯ রানের দুর্দান্ত শুরু পেয়ে যায় বাংলাদেশ। পরের ওভারেই অবশ্য ছন্দপতন। কটরেলের প্রথম বলে এক্সট্রা কভারের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে কার্লোস ব্রাফেটের দুর্দান্ত ক্যাচে পরিণত হন সৌম্য (৩২)। ৩ চার ও ১ ছক্কায় ২২ বলের ইনিংসে দারুণ কিছু শট খেলেছেন তিনিও।

    ওই ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফিরছেন লিটন। তার আগে ৪ ছক্কা ও ৬ চারে ৩৪ বলে তাঁর ৬০ রানের ইনিংস দিয়ে প্রথম ১০ ওভার বাংলাদেশের ইনিংসকে বলতে গেলে একাই টেনেছেন লিটন। মুশফিক এসেছে ধৈর্য হারিয়েছেন পরের ওভারেই। ওশানে টমাসকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন। ১১ ওভার শেষে যে দলের স্কোর ১ উইকেটে ১১০, সেখান থেকে ১৩ ওভার শেষে সেই দলই ৪ উইকেটে ১২০। এ সময় কিছুটা দুশ্চিন্তায়ই পড়েছিলেন গ্যালারির দর্শকেরা। আবারও কি মড়ক! না, লিটন নতুনের কেতন ওড়ানোর পর দারুণ ব্যাটিংয়ের দলের ইনিংসের শেষটা টেনেছেন দুই অভিজ্ঞ সাকিব ও মাহমুদউল্লাহ। তারা ৭ ওভার ব্যাটিং করে গড়েন ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি। সাকিব করেছেন ২৬ বলে অপরাজিত ৪২। ইনিংসে আছে ৫টি চার ও ১টি ছয়ের মার। মাহমুদউল্লাহ ৭টি চারে ২১ বলে করেছেন ৪৩।

  • ‘মি টু’ ঝড় তুলে দেশ ছাড়ছেন তনুশ্রী

    ‘মি টু’ ঝড় তুলে দেশ ছাড়ছেন তনুশ্রী

    ‘মি টু’ আন্দোলনে হলিউড তোলপাড়। একের পর এক যৌন হেনস্থার অভিযোগ করছেন নায়িকারা। ঠিক সে সময় এ আন্দোলন ছড়িয়ে পড়ে ভারতে। যার সূচনা করেন তনুশ্রী দত্ত।

    ‘মি টু’ আন্দোলনের কারণে বলিউডের অনেক নামকরা পরিচালক ও অভিনেতার ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়ে। তবে সব চেয়ে বেশি আলোচনা হয় বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। যা করেন তনুশ্রী দত্ত। ভারতে ‘মি টু’ ঝড় এখন কিছুটা স্তিমিত। তবে তনুশ্রীর মামলা চলছে।

    এ অবস্থায় তনুশ্রী ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন বলে জানা গেছে। কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বলিউডে আর অভিনয় করবেন না তিনি।

    ‘মি টু’ ঝড় তুলে দেশ ছাড়ছেন তনুশ্রী

    তনুশ্রী বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য অনেক সময় ও অর্থ বিনিয়োগ করেছি। তাই ওই দেশেই আমার ভবিষ্যৎ। এখন সেখানেই চলে যাওয়া উচিত আমার।

    ভারতে কবে ফিরবেন এমন প্রশ্নে তিনি জানান, হয়তো কখনো আবার ফিরব।

    নানা পাটেকারের মামলা প্রসঙ্গে তনুশ্রী জানান, অনেক বছর আমি যৌন হয়রানির ক্ষত নিয়ে কাটিয়েছি। যুক্তরাষ্ট্র থেকে মুম্বাই এসে মামলা করি। এ মামলা চলার জন্য আমার শারীরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। এটা চলবে তার নিয়ম অনুযায়ী।

    নানা পাটেকর বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ ছিল, প্রায় এক দশক আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ে তার সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরণ করেছিলেন নানা পাটেকার।

  • ভোট সুষ্ঠু হবে, সিইসির নিশ্চয়তা

    ভোট সুষ্ঠু হবে, সিইসির নিশ্চয়তা

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সুষ্ঠু হবে বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘দেশব্যাপী নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। দৃঢ়তার সাথে বলতে পারি সুষ্ঠুভাবে নির্বাচন হবে।’

    বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ভোট গণনাকারী কর্মকর্তাদের সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছিলেন সিইসি।

    নুরুল হুদা বলেন, ‘সমগ্র দেশে নির্বাচনের একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা গেছে। নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে এবং তাদের কর্মকা-ের মধ্যে তা প্রতিফলিত হচ্ছে।’

    ‘তারা অনবরত সভা-মিছিল করে যাচ্ছেন এবং প্রার্থীরা তাদের ভোটারদের কাছে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।’

    সিইসি বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশনের ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়ে রিটার্নিং, সহকারী রিটার্নং, প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে চলে গেছে এবং সেগুলো দেখভাল করার জন্য কতগুলো কমিটি গঠন করা হয়েছে। সেগুলো একটি হলো ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি। সারাদেশে ১২২টি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে।’

    ‘তারা সারাদেশে নির্বাচনে কোনো অনিয়ম হলে, আচরণ-বিধি ভঙ্গ হলে অথবা নির্বাচন সংক্রান্ত কোনো আইন বিচ্যুতির মতো কর্মকা- ঘটলে সেগুলো সংশোধন করবেন। তারা অনুসন্ধান করবেন এবং ব্যবস্থা নেবেন।’

    ‘জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন চার দিন। তারা মূলত প্রার্থী এবং সমর্থকদের সাহায্যই করবেন। অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা আছে তাদের হাতে। এরপর আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।’

    নির্বাচন নিয়ে অভিযোগ থাকলে সেটা সরাসরি কমিশনে না দিয়ে রিটার্নিং কর্মকর্তাকে দেওয়ারও পরামর্শ দেন সিইসি। বলেন, ‘আমাদের যেটা অসুবিধা হয়, সেটি হলো অভিযোগগুলো নির্বাচন কমিশনের কাছে কেন্দ্র থেকে চলে আসে। এই অভিযোগগুলো আমাদের কাছে না এসে রিটার্নিং অফিসার এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে গেলে তাৎক্ষণিকভাবে সমাধান পাবেন। আমাদের কাছে পাঠালে তাদের জন্য একটা বাড়তি অসুবিধা হয়।’

    সারা দেশ থেকে মাঠকর্মীদের কয়েকটি ব্যাচে ভাগ করে গত কয়েকদিন ধরে  বিভিন্ন সফটওয়্যারের ওপর প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন।