Blog

  • যাচাই বাছাইয়ে বাদ হয়েছে যারা

    যাচাই বাছাইয়ে বাদ হয়েছে যারা

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। সব হিসাব-নিকাশ শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বরে।

    মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়ন বাতিল হলো-

    • ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেয়া মনোনয়ন পত্র বাছাইয়ের প্রথম দিন আজ রোববার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান খালেদার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

    •ঋণ খেলাপের অভিযোগে হবিগঞ্জ-১ আসনে গণফোরাম মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগ থেকে ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    এ ছাড়া একই আসনে আরও ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান, ইসলামী ফ্রন্টের জুবায়ের আহমেদ, ইসলামিক ফ্রন্টের বদরপুর রেজা সেলিম ও ইসলামী আন্দোলনের আবু হানিফ আহমদ হোসেন।

    • হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। রোববার দুপুর ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের সময় এ ঘোষণা দেয়া হয়।

    • আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন।

    • রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলুর মনোনয়ন বাতিল হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে দেয়া পদত্যাগপত্র জমা দিলেও গেজেট প্রকাশিত না হওয়ায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

    আরও আসছে…

  • হিরো আলমের মনোনয়ন বাতিল

    হিরো আলমের মনোনয়ন বাতিল

    আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন।

    আশরাফ হোসেন বলেন, ‘কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করা দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’

    জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।

    বুধবার (২৮ নভেম্বর) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোছা. শারমিন আখতারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

  • খালেদাজিয়ার মনোনয়ন বাতিল।

    খালেদাজিয়ার মনোনয়ন বাতিল।

    জেলা প্রতিনিধি : ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেয়া মনোনয়ন পত্র বাছাইয়ের প্রথম দিন আজ রোববার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান খালেদার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

    রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু বেগম খালেদা জিয়ার পক্ষে এ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

    উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন দুটি দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের রায় স্থগিত, সাজা ভোগ বাতিল ও জামিন চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালত সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

  • তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

    তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

     

    স্টাফ রিপোর্টার :- বিশ্ব ইজতেমায় আধিপত্য নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ শনিবার ভোর থেকে তাবলিগ জামাতের দুই পক্ষের মুখোমুখি অবস্থান পরে সংঘর্ষে রূপ নেয়। টঙ্গীতে ইজতেমা ময়দানের ১ নম্বর প্রবেশফটকে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৫০ থেকে ৬০ জন আহত হন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতাল ও উত্তরার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন রয়েছে। মাওলানা জুবায়েরের অনুসারীরা টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মাইকে তাঁদের পক্ষের মুসল্লিদের ইজতেমা ময়দান দখলের আহ্বান জানাচ্ছেন এবং তাঁদের অনেকে প্রতিপক্ষের কাছে আটক রয়েছেন বলে দাবি করছেন।

    ভোরে বিশ্ব ইজতেমা পরিচালনাসংক্রান্ত বিরোধের জের ধরে তাবলিগ জামাতের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। মাওলানা জুবায়ের ও দিল্লির মাওলানা সাদের অনুসারী দুই পক্ষের হাজার হাজার মুসল্লি পৃথকভাবে টঙ্গীতে ইজতেমা ময়দান ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে আশুলিয়ার দিকে সড়কে অবস্থান নেন। এতে আজ শনিবার টঙ্গী ও রাজধানীর বিমানবন্দরসংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে কামারপাড়া থেকে একদল মুসল্লি লাঠিসোঁটা হাতে ইজতেমা ময়দানের ১ নম্বর প্রবেশদ্বারে প্রতিপক্ষের অনুসারীদের ওপর হামলা চালান। মুহূর্তের মধ্যে স্থানটি রণক্ষেত্রে পরিণত হয়। আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলার পর পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। এখন দুই পক্ষকে একে অপরের থেকে নিরাপদ দূরত্বে রেখেছে পুলিশ।

    গাজীপুরের দিকে যান চলাচল ধীরগতিতেই রয়েছে। তবে ঢাকাগামী যানবাহন আগের চেয়ে কিছুটা বেশি গতিতে চলাচল করছে।

    ঘটনার জের ধরে রাজধানীতে বিমানবন্দরসংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, বিমানবন্দর চত্বরে ফুটওভার ব্রিজের কাছে এখনো একটি পক্ষ অবস্থান নিয়ে আছে। জানা গেছে, তাঁরা মাওলানা জুবায়েরের অনুসারী। ঢাকা থেকে মাওলানা সাদের অনুসারীরা যেন টঙ্গীতে গিয়ে তাঁদের পক্ষের মুসল্লিদের সঙ্গে যোগ দিতে না পারেন, সে কারণে তাঁরা প্রতিটি যানবাহন থামিয়ে দেখেন। যাত্রীদের মধ্যে মুসল্লি কেউ থাকলে তাঁকে নামিয়ে দেন। ফলে সেখান থেকে টঙ্গীগামী যানবাহন একটি একটি করে চলাচল শুরু করে। বাস থেকে নামিয়ে দেওয়া মুসল্লিদের অনেকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন।

  • সহিংসতার দায় সাদ অনুসারীদের: আল্লামা শফী

    সহিংসতার দায় সাদ অনুসারীদের: আল্লামা শফী

    বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ঢাকার টঙ্গীর ইজতেমা মাঠে সহিংসতার জন্য মাওলানা সাদ আহমাদ কান্ধলভীর অনুসারীদের দায়ী করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি এই ঘটনায় বিশৃঙ্খলাকারীরা দিকে নজর দিতে সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন

    শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির এই আহ্বান জানান। এর আগে সকাল থেকে টঙ্গীর মাঠ দখলে তাবলিগের দুটি পক্ষ কয়েক দফা সংঘর্ষে জড়ায়। হামলায় নিহত হয় একজন। আহত হয় অন্তত তিনশ।

    আল্লামা শাহ আহমদ শফী

    নিহত ইসমাইল মণ্ডল মাওলানা সাদের অনুসারী। মাঠ দখল করে রাখা সাদবিরোধীরা তাকে কুপিয়ে হত্যা করে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। এই ঘটনায় সাদ অনুসারীরা হেফাজতপন্থীদেরকে দায়ী করে আসছেন।

    ধর্মীয় ব্যাখ্যা নিয়ে মাওলানা সাদের ব্যাখ্যা নিয়ে গত দুই বছর ধরেই বিতর্ক হচ্ছে দেশে। বিশ্ব তাবলিগ জামাতের আমিরকে গত বছর ইজতেমা মাঠে যেতে দেয়নি বিরোধীরা।

     

    আল্লামা শফী বলেন, ‘এ ধরনের অন্যায় ও ষড়যন্ত্র যদি বন্ধ করা না হয়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কারা ষড়যন্ত্রকারী ইতিমধ্যে বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।’

    ‘সম্মিলিত উলামায়ে কেরাম মাওলানা সাদের অনুসরণ বৈধ নয় বলে ফতোয়া দেওয়ার পরও কিছু চিহ্নিত কুচক্রীমহল বিশ্ব ইজতেমা বানচালের পাঁয়তারা চালাচ্ছে।’

  • প্রশাসনে রদবদলের দাবি নিয়ে ইসিতে বিএনপি

    প্রশাসনে রদবদলের দাবি নিয়ে ইসিতে বিএনপি

    আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন ও পুলিশে রদবদলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। তবে তারা কোনো আশ্বাস পায়নি।

    শনিবার বিকালে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল যায় কমিশনে। প্রায় দুই ঘণ্টা কথা বৈঠক করে তারা।

    বিএনপির পক্ষে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, মুশফিকুর রহমান ও বিজন কান্তি সরকার।

    নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকে ছিলেন সিইসি কে এম নুরুল হুদা ছাড়াও, নির্বাচন কমিশনার কবিতা খানম, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে সাংবাদিকদের মওদুদ বলেন,  ‘এই রদবদল কেন (ইসি) করতে পারবেন না? ১৯৯১ সালে, ১৯৯৬ সালে, ২০০১ সালে যখনই নতুন সরাকার এসেছে, তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তখনই তারা মূল পাঁচ থেকে ছয় জন সচিবকে বদলি করে দিয়েছে।’

    জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই সরকার নিয়োগ দিয়েছে বলে তাদের বদলি করে দেওয়া ভালো বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। বলেন, ‘তাহলে সেখানের ভোটারদের মধ্যে আস্থা ফিরে আসবে, দেশের মানুষের মনে আস্থা আসবে নিজের ইচ্ছেয় ভোটকেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছে ভোট দিতে পারবে।’

    ‘এই পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচন একটা প্রহসনে পরিণত হবে। আমরা চাই না নির্বাচন একটা প্রহসনে পরিনত হোক।’

    মওদুদ বলেন, ‘নির্বাচনি প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিটার্নিং অফিসার, যিনি হলেন ডেপুটি কমিশনার (ডিসি)। তিনি সরকারি একজন চাকুরে। সহকারী রিটার্নিং অফিসার, তিনি টিএনও, তিনি সরকারের একজন কর্মকর্তা। তারা মেইনস্ট্রিম ব্যুরোক্রিসিতে বিশ্বাস করেন।’

    ‘পুলিশ প্রশাসনও একই রকম। সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) এবং থানার ওসি তারা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই চারজন কর্মকর্তা সরকারের অধীনে কাজ করেন।’

    বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার চলছে বলেও নির্বাচন কমিশনে অভিযোগ করে আসে দলটির প্রতিনিধি দল। মওদুদ বলেন, ‘আমাদের সম্ভাব্য সাত জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এরই মধ্যে কারাগারে আছে এবং আগে থেকেই গ্রেপ্তার হয়েছে এবং কারাগারে আছে।’

    আগামী নির্বাচনকে জাতির জন্য শেষ পরীক্ষা উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হই, তাহলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনতে পারব বলে মনে হয় না।’

    নির্বাচন কমিশন কী বলেছে- এমন প্রশ্নে মওদুদ বলেন, ‘তারা শুনেছেন, বলেছেন পর্যালোচনা করবেন। তারা বলেছেন, চেষ্টা করবেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা আশা করি তারা সফল হবেন।’

    যদি না হয়?- এমন প্রশ্নে বিএনপি নেতা বলেন, ‘কোনো যদির উত্তর দেব না।’ এরপর আরও প্রশ্ন করা হলেও কোনো জবাব না দিয়েই চলে যান মওদুদ আহমদ।’

  • এরশাদ বাসাতেই, দাবি হাওলাদারের

    এরশাদ বাসাতেই, দাবি হাওলাদারের

    মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজ বাসাতেই আছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এটা নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়িয়ে প্রয়োজনে সাংবাদিকদের খোঁজ নিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

    শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাওলাদার এই দাবি করেন। এর আগে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদও উপস্থিত ছিলেন।

    এরশাদ সিএমএইচে ভর্তি এমন খবর কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, এবার এরশাদ সত্যি সত্যিই অসুস্থ, এজন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অনেকের সন্দেহ, মহাজোট প্রশ্নে আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে টানাপড়েন থাকায় তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন। ২০১৪ সালের নির্বাচনের আগে এমনটাই ঘটেছিল বলে মনে করেন কেউ কেউ।

    এরশাদের অবস্থান সম্পর্কে জানতে সাংবাদিকরা প্রশ্ন করেন হাওলাদারকে। জবাবে তিনি বলেন, ‘আমরা দলের চেয়ারম্যানের মনোনয়নপত্র জমা দিয়েছি। তার নির্বাচন আমরাই করছি। গত পাঁচ দিন আগে আমি বলেছিলাম যে তিনি ফিরে আসবেন। তিনি এখন বাসাতেই আছেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন। আমি আশা করি যত কথাই পত্রিকার পাতায় আসুক, সত্যতা কেউ খুঁজে পাবে না, এগুলো বিভ্রান্তিকর।’

    হাওলাদার বলেন, ‘জনগণ আমাদের সাথে আছে। মানুষ আমাদের ওপর আস্থা রাখে। আমরা যে ৪৫ বছর ধরে রাজনীতি করছি এটাকে ধুলায় মিশিয়ে দেয়ার জন্য তারা যড়যন্ত্র করছে।’

    মনোনয়ন বাণিজ্য নিয়ে প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে হতাশা থেকে এই অভিযোগ তুলতে পারেন। গণমাধ্যমে যে খবর এসেছে তার সত্যতা খুঁজে পাওয়া যাবে না। মনোনয়ন বাণিজ্যের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’

  • সাংসদ আবদুর রহমান বদির গাড়িতে দুর্বৃত্তদের গুলি বর্ষণ

    সাংসদ আবদুর রহমান বদির গাড়িতে দুর্বৃত্তদের গুলি বর্ষণ

    কক্সবাজারের টেকনাফ উপজেলায় আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সাংসদ বদি গাড়িতেই ছিলেন। হামলায় তাঁর গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে টেকনাফ ও হোয়াইক্যং তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল থেকে হোয়াইক্যং পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সুব্রত রায় জানান, সাংসদ বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরাগুলি বর্ষণ করে পালিয়ে যায়।বলে এমপি বদি তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। জানা গেছে, সাংসদ বদি দলীয় কয়েকজন নেতাসহ ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৮৮০ নম্বরের নিজস্ব জিপ গাড়িতে করে উখিয়া থেকে টেকনাফে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর জানান, এ সময় পেছনে অপর আরেকটি গাড়িতে সাংসদ বদির স্ত্রী আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহীনা আক্তারও ছিলেন।বলে জানা গেছে। সাংসদ বদি টেকনাফের দিকে রওনা হয়েছেন। খবর পেয়ে দলীয় লোকজন ও সাংসদ বদির সমর্থকরা ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সাংসদ আবদুর রহমান বদি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির নেতারা তাঁর গাড়ি লক্ষ্য করে দুই-তিনটি গুলি বর্ষণ করে।

  • কেউ জালভোট দিলেও প্রকৃত ভোটার ফের ভোট দিতে পারবেন: ইসি

    কেউ জালভোট দিলেও প্রকৃত ভোটার ফের ভোট দিতে পারবেন: ইসি

    নির্বাচনের মাঠে প্রায় একটা অভিযোগ আসে যে ভোট জাল দেয়া হয়। প্রকৃত ভোটারের ভোট অন্য মানুষ দিয়ে গেছে। কিন্তু এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন কোনও ভোটার কেন্দ্রে গিয়ে যদি দেখেন, কেউ তার ভোটটা দিয়ে দিয়েছে, তাহলে ভোটারকে হতাশ না হতে পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আইনে এর সমাধান আছে সেইভাবে নির্বাচনী কর্মকর্তারা কাজ করবেন।

    শনিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারী কর্মকর্তাগণের প্রশিক্ষকদের প্রশিক্ষণে বক্তৃতায় ভোটারদের এ পরামর্শ দেন তিনি।

    কমিশনার রফিকুল বলেন, নির্বাচনের দিন গণমাধ্যমে দেখতে পাই- কোনও একজন ভোটার বলছেন, আমার ভোটটা দেয়া হয়েছে গেছে। অথচ এটা কোনোভাবেই হওয়ার কথা নয়। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ঠিকমত দায়িত্ব পালন করলে একজনের ভোট আরেকজনের দেয়ার কথা নয়। তারপরও এরকম ঘটনা ঘটে গেলে আইনে এর প্রতিকার রাখা আছে।

    কমিশনার রফিকুল ইসলাম বলেন, কারও ভোট দেয়া হয়ে গেলেও প্রকৃত ভোটারের ভোট দেয়ার বিধান রাখা আছে জাতীয় সংসদ নির্বাচনের আইনে। যদি প্রিজাইডিং অফিসার সেটিসফায়েড হন যে- অভিযোগকারী ভোটার নিজের ভোট নিজে দেননি, তিনি সত্যিকার অর্থে ভোটার, তার ভোটটা অন্য কেউ দিয়ে গেছে- জাস্ট অ্যালাউ হিম উইদাউট এনি কোয়েশ্চেন। এটা করা হলে নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না।

  • দুর্নীতিমুক্ত খোকসা-কুমারখালী গড়ায় হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য

    দুর্নীতিমুক্ত খোকসা-কুমারখালী গড়ায় হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য

    নিজ সংবাদ ॥ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন আশরাফুল হক (সুমন আশরাফ)। গত বুধবার তিনি জেলা রিটার্নিং কার্যালয়ে জেলা প্রশাসক আসলাম হোসেনের কাছে তাঁর মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিয়ে সুমন আশরাফ কুমারখালী-খোকসাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

    সুমন আশরাফ ১৯৭৭ সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা আসাদুল হক সোলায়মান আওয়ামী রাজনীতির পরিচিত মুখ। ১৯৯১ সালে সুমন আশরাফ ছাত্রসমাজের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতি শুরু করেন। পরে তিনি ১৯৯৫ সালে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনের রাজনীতি শুরু তাঁর। এরপরে কুষ্টিয়া এবং দেশের সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীর মীর মোশাররফ হোসেন সেতু, শেখ রাসেল সেতু, পদ্মা সেতু বাস্তবায়নের আন্দোলনসহ কুষ্টিয়ার সকল উন্নয়নের আন্দোলনে তার ভুমিকা ছিল অগ্রণী। বর্তমানে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে জাতীয় রাজনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছেন। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

    সুমন আশরাফ বলেন-নির্বাচনে জয়লাভের মাধ্যমে অবহেলিত এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়নে ভূমিকা রাখতে চান। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে টিআর, কাবিখার গম লুট রোধ, নিয়োগ বাণিজ্য পরিহারসহ সরকারের গৃহিত উন্নয়নমূলক কর্মকান্ড সফলভাবে বাস্তবায়ন করার আশা প্রকাশ করেন। দুর্নীতিমুক্ত খোকসা-কুমারখালী গড়ায় হবে তাঁর জীবনের একমাত্র লক্ষ্য।