Blog

  • জাতীয় পার্টির নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

    জাতীয় পার্টির নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

    জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে আবারও ‘আউট হলেন’ এ বি এম রুহুল আমিন হাওলাদার। তার স্থলাভিষিক্ত হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

    সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয়েছে মশিউর রহমান রাঙ্গাকে। ওই চিঠিতে বলা হয়েছে- ‘আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

    চিঠিতে আরও বলা হয়, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।’

  • বাংলাদেশটাই এখন শেখ হাসিনার পরিবার: সাকিব

    বাংলাদেশটাই এখন শেখ হাসিনার পরিবার: সাকিব

    দেশকে নিয়ে সবাইকে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন তিনি।

    রবিবার সাকিবের এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন। সাকিবের বার্তাটি হুবহু দেওয়া হলো-

    ‘১৯৯৯ থেকে ২০০৪। আমরা ৭২টি ম্যাচ দেশের হয়ে খেলেছি। বেশিরভাগই হেরেছি। কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা জিততে চেয়েছিলাম। কারণ এটা শুধু আমাদের কাছে খেলা নয়, দেশের সম্মান। এ জন্যই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছিলাম।’

    ‘আমি এখনো যখন ক্রিজে গিয়ে দাঁড়াই, আমার সঙ্গে দাড়ায় বাংলাদেশ। আমি যখন শুরু করেছিলাম, আমর বয়স ছিল ১৯ বছর। এই বয়সে আমি ক্রিকেট শুরু করেছিলাম। আজ তোমরা যারা তরুণ, আমি নিশ্চিত জানি তোমাদের প্রত্যেকের মধ্যেই স্বপ্ন আছে। কিন্তু শুধু স্বপ্ন থাকলেই হবে না। ব্যক্তির স্বপ্নকে দেশের স্বপ্ন করতে হয়। এগিয়ে আসতে হয়, তৈরি করতে হয় নিজেকে। চিনে নিতে হয় সঠিক পথ।’

    ‘আমি কোনো সুপার ম্যান নই। এ দেশেরই একজন সাধারণ মানুষ। তোমরা যারা এখানে আছ, আমি জানি সবাই যার যার মত আলাদা। কিন্তু একটা বিষয়ে আমরা সবাই এক। সেটা হলো আমাদের প্রাণের বাংলাদেশ।’

    ‘এ দেশকে আমরা ভালোবাসি। কিন্তু নিজের মাকে নিয়ে আমরা যেভাবে ভাবি, দেশ নিয়ে কী সেভাবে ভাবি? অথচ দেশ কিন্তু আমাদের নিয়ে ভাবছে। নজর রাখছে ভালো-মন্দের। তার ভালো থাকায় আমাদেরও ভালো থাকা। আর সবার ভালো থাকা মানেই দেশের ভালো থাকা। তাই তাকে নিয়ে (দেশ) এবার ভাবার সময় এসেছে। কারণ দেশ মানে আর কিছু নয়, আমি-তুমি-আমরা।’

    ‘এই আমরাই দেশ। দেশের মানুষকে ভালো রাখার, এগিয়ে যাওয়ার দুর্বার যাত্রায় বর্তমান সরকার বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নারীর ক্ষমতায়ন, সামাজিক ও মানব উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ এবং ডিজিটাল অগ্রগতিতে বাংলাদেশ বিশ্বে উদাহরণ হতে চলেছে।’

    ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে দেশকে জেতানোর লড়াইয়ে শামিল হয়েছেন। বাংলাদেশটাই এখন তার পরিবার। সবাইকে সঙ্গে নিয়ে দেশের মানুষের ভালো থাকার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ করে তরুণদের নিয়ে। সব ক্ষেত্রেই সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার নীতি গ্রহণ করেছেন তিনি। সেখানে চাই তোমাদের সক্রিয় অংশগ্রহণ। এ অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নিতে তোমাদের সক্রিয় সমর্থন প্রয়োজন।’

    ‘আমার বিশ্বাস, আমরা দাঁড়ালে হারবে না দেশ। কারণ তরুণরাই আগামীর বাংলাদেশ। এবার তোমার পালা।’

  • কম বয়সী বিয়ে করে নারী গ্রেপ্তার

    কম বয়সী বিয়ে করে নারী গ্রেপ্তার

    ওই কিশোরের মায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে। ওই নারীর বিরুদ্ধে শিশু যৌন হয়রানিবিষয়ক আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে গ্রেপ্তার নারী দাবি করেছেন, পারস্পরিক সম্মতির ভিত্তিতে তাঁদের সম্পর্ক গড়ে উঠেছে। তাঁর স্বামীর প্রকৃত বয়স ১৭ নয় বলেও তিনি দাবি করেন।

    ভারতে আইন অনুযায়ী, বিয়ের বয়স নারীদের ক্ষেত্রে ১৮ বছর ও পুরুষের ক্ষেত্রে ২১ বছর। তবে ১৮ বছরের বেশি বয়সী যেকেউ পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কে জড়াতে পারবেন। এ ক্ষেত্রে তরুণের বয়স কম হওয়ায় ওই নারীর বিরুদ্ধে বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক আইনের ধারায়ও অভিযোগ আনা হয়েছে।

    দিল্লিতে বিবিসির প্রতিনিধি গীতা পান্ডে বলেন, কম বয়সী ছেলেকে বিয়ের ঘটনায় কোনো নারীকে গ্রেপ্তারের ঘটনা ভারতে বেশ বিরল। তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ে প্রেমের পরিণতি হিসেবে বিয়ে করলে অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পুরুষকে গ্রেপ্তার করার ঘটনা দেশটিতে বেশ স্বাভাবিক।

    মুম্বাইয়ের এক পুলিশ কর্মকর্তা বিবিসি হিন্দিকে বলেন, গত বছরের ডিসেম্বরে কিশোরের মা পুলিশের কাছে অভিযোগ করেন, এক নারী তাঁর ছেলেকে অপহরণ করে নিয়ে গেছেন এবং তাঁকে জোর করে বিয়ে করেছেন। এ বিষয়ে তদন্ত করে এবং আইনি পরামর্শ নিয়ে তাঁরা ওই নারীকে গ্রেপ্তার করেছেন।

    তবে ওই নারী জামিনের আবেদনে বলেছেন, তাঁর স্বামীর বয়স ১৮ বছরের বেশি। তাঁরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে বর্তমান সম্পর্কে আছেন। তিনি যুক্তি দেন, তাঁর স্বামীর ২৯ ও ১৮ বছর বয়সী দুই বোন আছে। তাই তাঁর স্বামীর বয়স ১৭ বছর হওয়া সম্ভব নয়।

  • যেসব আলোচিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল

    যেসব আলোচিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল

    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে সময়ের কয়েকজন আলোচিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ রয়েছে সময়ের আলোচিত কয়েকজন।

    খালেদা জিয়া

    দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত করাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র তিনটি আসন থেকে বাতিল করা হয়েছে। আসনগুলো হলো, ফেনী-১ , বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন।

    কাদের সিদ্দিকী

    কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপির অভিযোগে ঐক্যফ্রন্টের এ নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য জানান।

    আফরোজা আব্বাস

    প্রায় তিনঘণ্টা স্থগিত রেখে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টেলিফোন বিল বিল বকেয়া ও ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করেছে রিটানিং অফিসার।

    গোলাম মাওলা রনি

    আওয়ামী লীগ থেকে সদ্য যোগদান করা পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

    পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মতিউল ইসলাম চৌধুরী জানান, হলফনামায় প্রার্থীর স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। গলাচিপা ও দশমিনা নিয়ে পটুয়াখালী-৩ আসন। এ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন গোলাম মাওলা রনি। মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন। বিএনপি তাকে মনোনয়নও দেয়া হয়। এ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

    হিরো আলম

    বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নেয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। পরে জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন।

    বগুড়ার রিটার্নিং অফিসার গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থনের প্রমাণ হিসেবে জমা দিতে ব্যর্থ হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    রেজা কিবরিয়া

    হবিগঞ্জ-১ আসন থেকে গণফোরাম মনোনীত প্রার্থী ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। ব্যাংকের ক্রেডিট কার্ডের পাওনা বাকি থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে কিবরিয়ার।

    ইমরান এইচ সরকার

    কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

    কুড়িগ্রামের জেলা প্রশাসক পারভিন সুলতানা জানান, মনোনয়ন পত্রের সাথে ১% সমর্থকের সমর্থনের প্রমাণ দাখিল করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

  • তিনটি আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

    তিনটি আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনেবিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকালে ফেনী-১ আসন ও দুপুরে ‘জিয়া পরিবারের আসন’ হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

    এর মধ্যে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনেরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাকি দুটো আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

    রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুটি মামলায় খালেদা জিয়ার সাজার কথা উল্লেখ করে ফেনীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদ উজ জামান ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন। খালেদা জিয়া ছাড়াও ওই আসনে বিএনপির আরেক প্রার্থী ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নূর আহম্মদ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ও আবুল বাশার চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ওই আসনে বিএনপির বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    মামলায় সাজার বিষয়টি উল্লেখ করে বগুড়া-৬ ও ৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বগুড়া-৬ আসনে বগুড়া পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ না করায় খালেদা জিয়ার উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমানের মনোনয়নপত্রও বাতিল হয়েছে। তবে ওই আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের আশঙ্কায় ওই সব আসনে বিএনপির একাধিক প্রার্থীকে বিকল্প হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল।

    রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ বলেন, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন খালেদা জিয়া। দুর্নীতির মামলায় তাঁর দণ্ড হয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে সাজা ভোগ করছেন। আইন অনুযায়ী ফৌজদারি অপরাধে দুই বছর বা তার বেশি সাজা হলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না । এ কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    দলীয় চেয়ারপারসনের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, বগুড়া-৬ ও ৭ আসন জিয়া পরিবারের। ১৯৯১ থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত এসব আসনে বিএনপির সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। এবারও দুটি আসনে ধানের শীষের প্রার্থী হওয়ার জন্য দলের চেয়ারপারসন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু চেয়ারপারসনকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার অনেক আগে থেকেই নানা ষড়যন্ত্র ও কূট কৌশল চালিয়ে আসছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়াকে সাজানো মামলায় দণ্ড দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে।

    খালেদা জিয়া কারাগারে থাকলেও তাঁকে তিনটি আসনে প্রার্থী করে বিএনপি। আসনগুলো হলো ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এ বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে সাজা ভোগ করছেন তিনি। কারাগারে যাওয়ার আট মাসের মাথায় ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া ৩০ অক্টোবর খালেদা জিয়াসহ তিন আসামির সাজা কমানোর আবেদন খারিজ করে দিয়ে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

    বগুড়া-৬ আসনে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি থেকে সাংসদ হন সাবেক অর্থ প্রতিমন্ত্রী মুজিবর রহমান। ১৯৯৬ সাল থেকে প্রতিবারই এখানে বিএনপির প্রার্থী ছিলেন খালেদা জিয়া। প্রতিবারই বিপুল ভোটে তিনি জয়লাভ করেন। ২০০৮ সালে আসনটি ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনে প্রার্থী হন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

    এ আসনে মনোনয়নপত্র বাছাই শেষে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির বর্তমান সাংসদ নূরুল ইসলাম ওমর, বাম গণতান্ত্রিক জোট থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সম্পাদক আমিনুল ফরিদ, ইসলামী আন্দোলনের আবু নোমান মোহাম্মদ মামুনুর রশীদসহ অন্যদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    বগুড়া-৭ আসনের গাবতলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা। এ আসনে ১৯৯১ থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত প্রার্থী ছিলেন খালেদা জিয়া। তবে প্রতিবারই তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন হয়েছে। তিনটি উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়ে সাংসদ হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার। ২০০৮ সালে আসনটি ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনে প্রার্থী হন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

    এবারের নির্বাচনে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কায় এ আসনে বিকল্প প্রার্থী করা হয় গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিলটনকে। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করেননি উল্লেখ করে তাঁর মনোনয়নপত্রও বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

    মোরশেদ মিল্টন জানিয়েছেন, তিনি পদত্যাগ করে কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন আগেই। তবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় পদত্যাগপত্র গ্রহণ করেছেন—এমন কোনো কাগজপত্র দেখাতে পারেননি মোরশেদ মিল্টন।

    মনোনয়নপত্র বাতিল হওয়ার বিরুদ্ধে মোরশেদ মিল্টন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন বলে জানিয়েছেন।

    ওই আসনে জাপার বর্তমান সাংসদ মুহাম্মদ আলতাফ আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

    এদিকে বগুড়া-৬ আসনে জাকের পার্টির ফয়সাল বিন শফিক এবং বগুড়া-৭ আসনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি মোস্তফা আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র দাখিল করলেও তাঁর দলীয় মনোনয়ন না থাকায় তা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

  • পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত

    পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত

    টেকনাফে পুলিশের সাথে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে টেকনাফের শামলাপুরের হাবিব উল্লাহ নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত যুবক তালিকা ভূক্ত মাদককারবারী বলে পুলিশ সুত্রে জানা যায় ৷ জানা যায়, ১ ডিসেম্বর শনিবার ভোররাতে টেকনাফ থানা পুলিশের অভিযানে টেকনাফ শামলাপুরের মোহাম্মদ হোছনের পুত্র হাবিব উল্লাহ চৌধুরী (৩০) কে আটক অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় পুলিশের এসআই রাজু, কনস্টেবল বাদশা এবং জিয়া আহত হন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি বর্ষণ করে। কিছুক্ষণ পর মাদক কারবারীরা পিছু হাটলে ঘটনাস্থল থেকে ২টি দেশীয় অস্ত্র, ৬হাজার ইয়াবা ও গুলিবিদ্ধ অস্বতায় থাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, পুলিশ-মাদক কারবারী বন্দুক যুদ্ধের ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয় এবং এক রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। পরে পরিচয় সনাক্ত করে লাশ মর্গে প্রেরণ করা হয়। এসময় ২টি অস্ত্র ও ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদিকে এলাকাবাসী সুত্র জানায়, এই মাদক কারবারীর উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। সে ক্রসফায়ারে নিহতের খবরে এলাকায় স্বস্থি ফিরেছে।

  • ফেনী-১ আসনে খালেদার মনোনয়নপত্র বাতিল

    ফেনী-১ আসনে খালেদার মনোনয়নপত্র বাতিল

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেনী-১ আসনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুটি মামলায় খালেদা জিয়ার সাজার কথা উল্লেখ করে ফেনীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক  মো. ওয়াহিদ উজ জামান তার মনোনয়নপত্র  বাতিল ঘোষণা করেন।
    তার সঙ্গে অপর দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় তিনি এ আদেশ দেন।
    মনোনয়নপত্র বাতিল হওয়া অপর দুই প্রার্থী হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নূর আহম্মদ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী আবুল বশির।
    সম্প্রতি দণ্ডিত ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না আপিল বিভাগ এমন আদেশ দিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আরও কিছু নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না । এই শঙ্কা থেকে বিএনপিও  এই আসনে আরও দুজন বিকল্প প্রার্থী দিয়ে রাখে।  বিকল্প  দুই প্রার্থীর মধ্যে এক নের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
    বিএনপির দুই বিপল্প প্রার্থী হচ্ছেন, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও  ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার। নূর আহম্মদ মজুমদারের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ আসনে এখন বিএনপির প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম রইলেন।
    পরশুরাম উপজেলা, ছাগলনাইয়া উপজেলা এবং ফুলগাজী উপজেলা নিয়ে গঠিত ফেনী-১। এ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। এ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য জাসদ (ইনু) শিরীন আখতার। সম্প্রতি এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চেয়ে শিরীন আখতারকে অবাঞ্ছিত ঘোষণা করে দলীয় নেতাকর্মীরা।
    তবে এ আসনটিতে আওয়ামী লীগ সরাসরি প্রার্থী না দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে এখনও আছেন দলীয় বিদ্রোহী প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপন।
    তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করে পরাজিত হন। এছাড়াও স্বতন্ত্র হিসেবে রয়েছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী শেখ আব্দুল্লাসহ আরো ছয়জন।
    বেগম খালেদা জিয়া এ আসনটিতে পাঁচবার জয় লাভ করেন। বর্তমানে অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে কারাগারে সাজা খাটছেন।

  • জয়পুরহাটের দুই আসনে বিএনপিসহ দুই প্রার্থীর মনোননয়ন বাতিল

    জয়পুরহাটের দুই আসনে বিএনপিসহ দুই প্রার্থীর মনোননয়ন বাতিল

    জয়পুরহাটের দুটি আসনের সব কটির মনোনয়ন বাছাই সম্পন্ন হয়েছে। এতে একজন বিএনপির ও একজন স্বতন্ত্র নারী প্রার্থীর প্রার্র্থিতা বাতিল হয়েছে।
    রবিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন মিলনায়তনে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

    জেলা রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন জানান, যাচাই বাছাইয়ের পর সঠিক তথ্য পাওয়ায় ১৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে চূড়ান্ত বলে ঘোষণা করা হয়েছে।
    তবে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেও তা এখনো অনুমোদন না হওয়ায় তার প্রার্র্থিতা আপাতত অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।

    এ ব্যাপারে নির্বাচন কমিশনে রিট করবেন বলে জানান ফজলুর রহমান।
    এছাড়া স্বতন্ত্র নারী প্রার্থী আলেয়া বেগমের মনোনয়নপত্রে বেশ কিছু ভোটারের স্বাক্ষরের অমিল দেখা গেলে তার মনোনয়নও বাতিল করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, অপর নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মি, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম, ১৬ জন মনোনয়ন প্রত্যাশী, স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

  • বাণিজ্য যুদ্ধ বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও চীন

    বাণিজ্য যুদ্ধ বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও চীন

    নতুন করে শুল্কারোপ না করার ব্যাপারে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনের ফাকে এক বৈঠকে এ বিষয়ে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের শেষ দিনে করা বৈঠকে বাণিজ্য যুদ্ধ আর না বাড়াতে একমত হয় দুই অর্থনৈতিক পরাশক্তিধর দেশ।

    হোয়াইট হাউস জানিয়েছে, ভোজসভায় দুই ঘন্টার বেশি সময় এই দুই নেতার মধ্যে আলোচনা হয়। এই সমঝোতার কারণে ১ জানুয়ারি থেকে ধার্য হতে যাওয়া ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ বর্ধিত শুল্ক যুক্তরাষ্টের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। এই চুক্তির কারণে বিশ্ব বাজারে বাণিজ্য যুদ্ধের তীব্রতা হ্রাস পাবে। যুক্তরাষ্ট্র ও চীনের এ বৈঠককে অত্যন্ত সফল বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস।

    বৈঠকের বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘চুক্তিটি দুই দেশের মধ্যে আরো অর্থনৈতিক সংঘাত ঠেকাতে কার্যকরভাবে সক্ষম হবে।’

  • উবারের চালকবিহীন গাড়ির চাপায় পথচারী নিহত

    উবারের চালকবিহীন গাড়ির চাপায় পথচারী নিহত

    উবারের চালকবিহীন গাড়ি এক পথচারীকে চাপা দিয়ে মেরে ফেলেছে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে এক নারী পথচারিকে চাপা দেয় ওই চালকবিহীন গাড়ি। এই ঘটনার পর উবার যুক্তরাষ্ট্রে তাদের স্বয়ংচালিত গাড়ির পরীক্ষা-নীরিক্ষা স্থগিত করেছে।

    বিশ্বের প্রথম স্বয়ংচালিত বা চালকবিহীন গাড়ি নিয়ে টেস্ট ড্রাইভিং শুরু করে গুগল। এরপর একে একে বেশ কিছু তথ্যপ্রযুক্তি ও অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান চালকবিহীন গাড়ি নিয়ে গবেষণা শুরু করে। কিন্তু এই প্রথম চালকবিহীন গাড়ির চাপায় প্রাণহানীর ঘটনা ঘটলো।

    অ্যারিজোনা অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, সোমবার সকালে উবারের একটি চালকবিহীন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে এক নারী পথচারীকে পিষে ফেলে। দ্রুতই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় হয়। কিন্তু ততক্ষণে তার আর প্রাণ ছিল না।

    দুর্ঘটনার সময় উবারের ওই গাড়িটি অটোনোমাস মোডে ছিল। তখন গাড়ির ভেতরে কোনো মানুষ ছিল না।

    ঘটনার পরপরই উবার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক মূখপাত্র বলেন, ‘দুর্ঘটনায় নিহতের স্বজনদের প্রতি আমাদের সমবেদনা। দুর্ঘটনার তদন্তে আমরা স্থানীয় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত’।

    এদিকে টেম্প, পিটসবার্গ, স্যান ফ্রান্সিসকো এবং টরোন্টোর সড়ক থেকে উবারের চালকবিহীন গাড়ি সরিয়ে নেয়া হয়েছে।