Blog

  • শিক্ষামন্ত্রীর নির্দেশে ৩ শিক্ষক বরখাস্ত, এমপিও বাতিল

    শিক্ষামন্ত্রীর নির্দেশে ৩ শিক্ষক বরখাস্ত, এমপিও বাতিল

    ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় ৩ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

    বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শ্রেণি শিক্ষক হাসনা হেনা ও প্রভাতি শাখার প্রধান শিক্ষক জিনাত আরা।

    বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তিন শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই নির্দেশের এরপরই তিন শিক্ষককে বরখাস্ত করা হয়। সাথে সাথে তাদের এমপিও বাতিল করা হয়েছে।

    এদিকে অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে ভিকারুননিসার সামনে অবস্থান নিয়েছেন।

    উল্লেখ্য, পরীক্ষায় নকল করার অভিযোগে স্কুলে ডেকে নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রীর সামনেই বাবাকে অপমান করে শিক্ষক। এই ঘটনায় অভিমান করে আত্নহত্যা করে অরিত্রী।

    অরিত্রীর বাবা দিলীপ অধিকারী জানান, অরিত্রীর বার্ষিক পরীক্ষা চলছিল। রোববার স্কুলে পরীক্ষার সময় তার মেয়ে মোবাইল নিয়ে গিয়েছিল। মোবাইলে নকল আছে এমন অভিযোগে ওই স্কুলের শিক্ষক সোমবার তাদের স্কুলে আসতে বলেন। সোমবার পরীক্ষার সময় অরিত্রীর সঙ্গে তারা স্কুলে যান। পরে তাদের ভাইস প্রিন্সিপালের কাছে নিয়ে গেলে তারা মেয়ের নকল করার ব্যাপারে ভাইস প্রিন্সিপালের কাছে ক্ষমা চান। কিন্তু ভাইস প্রিন্সিপাল কিছু করার নেই বলে জানায়। এসময় তার মেয়ে প্রিন্সিপালের রুমে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চাইলেও তাদের বেরিয়ে যেতে বলেন এবং পরের দিন টিসি নিয়ে আসতে বলেন। এ সময় আমি মেয়ের সামনেই কেঁদে ফেলি। অরিত্রী হয়তো আমার ওই কান্না-অপমান মেনে নিতে পারেনি।

    অরিত্রীর বাবা বলেন, ‘ওই ঘটনার পর অরিত্রী দ্রুত বাসায় চলে আসে। বাসায় ফিরে সে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। বাইরে থেকে অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায়, দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

  • ব্রয়লার মুরগী খাওয়ার কারণে বছরে মারা যাবে ৭ লক্ষ লোক, জানুন বিস্তারিত

    ব্রয়লার মুরগী খাওয়ার কারণে বছরে মারা যাবে ৭ লক্ষ লোক, জানুন বিস্তারিত

    মুরগি কমবেশি সকলেরই পছন্দ। দিনদিন চাহিদাও বাড়ছে। কিন্তু জানেন কি ব্রয়লার মুরগীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীরে দানা বাঁধে ক্যান্সার।

    সেই সঙ্গে আরো ভয়ানক ব্যাপার হলো যে, পোলট্রির মুরগি খেলে একাধিক অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে আর কাজ করবে না। একাধিক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

    দেখা যায়, ব্রয়লার মুরগির বাচ্চা মাত্র পাঁচ সপ্তাহেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়! মাত্র এক কেজি আটশো গ্রাম ম্যাশ খাওয়ালেই এক কেজির নিট মাংস! দুই কেজি ওজনের মুরগি জবাইয়ের আগে ম্যাশ খাচ্ছে মাত্র তিন কেজি ছয়শো গ্রাম!

    রহস্যটা কী? ম্যাশের সঙ্গে মেশানো হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম। অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুশ করে দেওয়া হচ্ছে। চড়চড় করে বড় হচ্ছে মুরগি। হু হু করে বাড়ছে ওজন।

    কিন্তু জানি কি, পিছনে লুকিয়ে রয়েছে কী ভয়ঙ্কর বিপদ? সাম্প্রতিক একটি গবেষণা বলছে, পোলট্রির মুরগি খেলে একাধিক অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না আমাদের শরীরে।

    রোগ প্রতিরোধ ক্ষমতাই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ছোটখাটো পেটের রোগ, গ্যাস, অম্বল, সর্দিকাশি, ইনফেকশনের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। ফলে রোগ সারাতে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হবে ডাক্তারদের। যে অ্যান্টিবায়োটিকের একাধিক কুপ্রভাব পড়বে আমাদের শরীরে।

    কাঁচা মাংসে প্রচুর মাত্রায় ব্যাকটেরিয়া থাকে। আর দোকানে যেভাবে একাধিক মুরগিকে এক সঙ্গে রাখা হয় তাতে দু-পাঁচটার শরীরে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি প্রবেশ করে না যাওয়াটা কোনও অস্বাভাবিক নয়। আর এমনটা যে হয় না সে কথা কেউ নিশ্চিত করে বলতে পারে কি?

    শুধু তাই নয়, যখন মুরগি কাটা হয় তখনও জীবিত মুরগির শরীর থেকে কাঁচা মাংসে ব্যাকটেরিয়া চলে যাওয়ার আশঙ্কা থেকে যায়। আর এই জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আর রক্ষা নেই।

    কয়েকজন বিশেষজ্ঞের মতো মাত্রাতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।

    ব্রয়লার চিকেন খেলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। একাধিক গবেষণয়া দেখা গেছে প্রায় ৬৭ শতাংশ ব্রয়লার মুরগির শরীরে ই-কোলাই ব্যাকটেরিয়া থাকে যা কোনও ভাবেই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়।

    বাজার থেকে ব্রয়লার মুরগির মাংস কিনে কখনই বাকি খাবার বা সবজির সঙ্গে সেটি রাখবেন না। শুধু তাই নয়, যে ছুরি দিয়ে মাংসটা কাটবেন তা দিয়ে ওই সময় সবজি কাটবেন না। আর যে প্লেটে কাঁচা মাংসটা রাখবেন তা ভালো করে ধুয়ে নিয়ে তবেই অন্য কাজে লাগাবেন।

    যেমনটা আগেও বলেছি কাঁচা মাংসে অনেক সময়ই ব্যাকটেরিয়া থাকে। এই নিয়মটা মানলে সেই জীবাণু বাকি খাবারে ছড়িয়ে যাওরা সুযোগ পায় না। ফলে শরীর খারাপ হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে।

    তবে দেশি মুরগিতে এমন কিছু ক্ষতিকারক জিনিস পাওয়া যায়নি। কারণ দেশি মুরগি একেবারে প্রকৃতির নিয়ম মেনে বড়হয়। ফলে ব্রয়লার মুরগির মতো তাদের শরীরে কোনও কেমিকেলের উপস্থিতি যেমন পরিলক্ষিত হয় না। তেমনি দেশি মুরগি অনেকাংশেই ব্যাকটেরিয়া মুক্ত হয়। ফলে তা থেকে আমাদের শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে না।

    যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক রিপোর্টে জানা যায়, প্রতিরোধী ব্যাকটেরিয়া কমে যাওয়ায় একটি গুরুতর হুমকির সম্মুখীন হতে যাচ্ছে মানবসভ্যতা। যা বছরে ৭ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। যার মধ্যে রয়েছে ২৩০০০ আমেরিকান, ইউরোপে ২৫০০০, ৬৩০০০ ভারতীয় শিশু।

    এদের মৃত্যুর পর আরও লক্ষাধিক অসুস্থ হয়ে পড়বে। তখন বাৎসরিক ২০ লক্ষ আমেরিকান অসুস্থ হয়ে স্বাস্থ্যসেবায় কোটি কোটি টাকা খরচ করবে। শেষ হবে সম্পদ আর দেশ হারাবে জাতীয় উৎপাদনশীলতা।

    গার্ডিয়ানের ওই রিপোর্টে আরো পূর্বাভাস দেওয়া হয় যে ২০৫০ সালের মধ্যে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধে বিশ্বে ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হবে এবং বছরে ১ কোটি মৃত্যুর ঘটনা ঘটবে।

  • ‘দিস ইজ স্কুল, নট টর্চার সেল’

    ‘দিস ইজ স্কুল, নট টর্চার সেল’

    ক্লাসে যোগ না দিয়ে বিক্ষোভ করে যাচ্ছিল মেয়েগুলো। ক্ষোভে ফেটে পড়া মেয়েগুলোর ডুকরে কান্না পাচ্ছিল। কয়েকজনের চোখ দিয়ে জলের ধারা বইতে শুরু করলে তা সংক্রমিত হয় অন্যদের মধ্যে। এর মধ্যে চলছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই, বিচার চাই’।

    রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় দায়ী শিক্ষকদের বিচার চাইছিল মেয়েরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকেরাও। অভিযোগ আছে, বাবাকে শিক্ষকদের অপমানের বিষয়টি সইতে না পেরে আত্মহত্যা করে অরিত্রী।

    এ সময় কেউ দিচ্ছিল স্লোগান, কেউ হাতে নিয়ে দাঁড়ায় নানা প্ল্যাকার্ড, স্লোগান। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘এ কেমন শিক্ষা, যার জন্য শিক্ষার্থীকে জীবন দিতে হয়’। একটিতে লেখা ছিল, ‘উই ডিমান্ড আনসার ফ্রম দ্য অথরিটি (আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জবাব চাই)। একটিতে লেখা ছিল, ‘দিস ইজ অ্যা স্কুল, নট অ্যা টর্চার সেল (এটা স্কুল, নির্যাতনকেন্দ্র নয়)’।
    একটি শিশুর হাতে প্ল্যাকার্ডে ছিল ‘এডুকেশন এনলাইটেনস আস, ইট ডাজ নট কিলস আস (শিক্ষা আমাদের আলোকিত করে, হত্যা নয়)। একটিতে ছিল, ‘প্রিন্সিপাল অব ভিএনএসসি, শেম অন ইউ (ভিকারুননিসার অধ্যক্ষ, ছিঃ)’।

    অরিত্রীর মৃত্যুর ঘটনাটি ছুঁয়ে গেছে সাধারণ মানুষকেও। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছুটে গেছেন শিক্ষাপ্রতিষ্ঠানে। উচ্চ আদালত একটি কমিটি গঠন করে অরিত্রীর মৃত্যুর কারণ জানতে চেয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আত্মহত্যার কারণ জানতে করা হয়েছে কমিটি।

    শিক্ষা মন্ত্রণালয় এবং স্কুল কর্তৃপক্ষও করেছে দুটি তদন্ত কমিটি। তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে তিন দিনের মধ্যে। এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষ বরখাস্ত করেছে অভিযুক্ত শিক্ষক জিন্নাত আরাকে। ক্ষমা চেয়েছেন ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।
    মানতে পারছেন না শিক্ষামন্ত্রী

    মঙ্গলবার সকালে ক্লাসে যোগ না দিয়ে বিক্ষোভ করে ভিকারুননিসার মেয়েরা। যোগ দেন অভিভাবকেরাও। এই বিক্ষোভ চলাকালেই স্কুলে যান শিক্ষামন্ত্রী। তারা তাকে ঘিরে ধরে স্লোগানে স্লোগানে অরিত্রীর মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবি করেন।

    মন্ত্রী এরপর কথা বলেন শিক্ষকদের সঙ্গে। পরে কথা বলেন ছাত্রীদের সঙ্গে। বলেন, এই ঘটনা শুনে তিনি মর্মাহত হয়েছেন। বলেন, ‘একজন শিক্ষার্থী কতটা অপমানিত হলে, কতটা কষ্ট পেলে আত্মহত্যার মতো পথ বেছে নেয়…যে ঘটনাগুলো আমরা শুনেছি, এর পেছনের কথা শুনছি। ঘটনার পেছনে বা ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, যদি প্রমাণ পাওয়া যায়, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

    দুটি তদন্ত কমিটি গঠন

    এই মৃত্যুর ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

    কী ঘটেছে, কেন ঘটেছে এবং ঘটনার সঙ্গে কারা দায়ী এবং করণীয় বিষয়ে বিস্তারিত উল্লেখ করে কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
    কমিটির অন্য সদস্যরা হলেন মাউশির ঢাকা অঞ্চলের উপপরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস এবং ঢাকা জেলা শিক্ষা অফিসার বেনজির আহমদ।
    শিক্ষামন্ত্রী বলেন, ‘এখানে যে ঘটনাটি ঘটেছে তা অনাকাক্সিক্ষত এবং কষ্টদায়ক। কতটা কষ্ট পেলে নিজের জীবন দিতে পারেÑশিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় সেটাই উঠে এসেছে। বিষয়টি খুবই গুরুতর। এ বিষয়ে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

    আরেকটি কমিটি করেছে ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষও। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফ তালুকদার বলেন, ‘যে শিক্ষক তাকে ভর্ৎসনা করেছেন বলে অভিযোগ উঠেছে বা যিনি ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে, তদন্তে যদি এর প্রমাণ পাওয়া যায়, তবে স্কুলের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্কুল কর্তৃপক্ষ।

    ক্ষমা চাইলেন স্কুলপ্রধান, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

    শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলনের মধ্যে ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস। গণমাধ্যমকর্মীরা স্কুলে গেলে তিনি বলেন, ‘বিষয়টি অনাকাক্সিক্ষত। ঘটনাটি এত দূর গড়াবে তা অনুধাবন করতে পারিনি। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর কী ব্যবস্থা নেওয়া হবে, তা মন্ত্রণালয় নির্ধারণ করে দেবে। আত্মহত্যার ঘটনায় আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।’

    প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফ তালুকদার বলেন, ‘প্রভাতি শাখার প্রধান শিক্ষক জিন্নাত আরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত জিন্নাত আরাকে স্কুলের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

    শিক্ষার্থীদের তিন কর্মসূচি

    শিক্ষার্থীরা তিনটি কর্মসূচি ঘোষণা করেছে। প্রথমত, শিক্ষামন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দিনের মধ্যে সুষ্ঠু বিচার না হলে আন্দোলন অব্যাহত থাকবে। দ্বিতীয়ত, সব পরীক্ষা বর্জন। তৃতীয়ত, বুধবার সকাল ১০টায় ফের প্রধান ফটকে অবস্থান নেওয়া।

    আত্মহত্যা প্রতিরোধে নীতিমালা চায় হাইকোর্ট

    শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধের উপায় খুঁজতে নীতিমালা করতে অতিরিক্ত শিক্ষাসচিবের নেতৃত্বে কমিটি করে দিয়েছে হাইকোর্ট। কমিটিকে এক মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছে। অরিত্রীর আত্মহত্যার কারণ খুঁজতেও দিতে হবে আলাদা প্রতিবেদন।

    মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।

    বিভিন্ন জাতীয় দৈনিকে অরিত্রীর আত্মহত্যার প্রকাশিত খবর আদালতের নজরে আনেন চার আইনজীবী অনীক আর হক, জ্যোতির্ময় বড়ুয়া, আইনুন্নাহার সিদ্দিকা ও জেসমিন সুলতানা। এরপর এই আদেশ আসে।

    পাঁচ সদস্যের কমিটিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিবের নিচে নয়, এমন একজন প্রতিনিধি, শিক্ষাবিদ, মনোবিদ ও আইনবিদকে রাখতে বলা হয়েছে।
    একটি রুলও জারি করা হয়। এতে অরিত্রীর আত্মহত্যার মতো ঘটনা প্রতিরোধের উপায় নির্ণয় করে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

    সরকারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।

    যা ঘটেছিল

    অরিত্রীর বাবা দিলীপ অধিকারী সাংবাদিকদের বলেন, ‘অরিত্রীর স্কুলের বার্ষিক পরীক্ষা চলছিল। রবিবার সমাজবিজ্ঞান পরীক্ষা চলার সময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। এ জন্য স্কুল কর্তৃপক্ষ আমাদের ডেকে পাঠায়। তখন আমি ও আমার স্ত্রী স্কুলের ভাইস প্রিন্সিপালের কক্ষে যাই।’

    “ভাইস প্রিন্সিপাল বলেন, ‘মোবাইলে অরিত্রী নকল করছিল।’ আমরা এ জন্য ক্ষমা চাইলে তিনি প্রিন্সিপালের কক্ষে পাঠান। প্রিন্সিপালের কক্ষে গিয়েও আমরা ক্ষমা চাই। কিন্তু প্রিন্সিপাল সদয় হননি। একপর্যায়ে তার পায়ে ধরে ক্ষমা চাই; কিন্তু প্রিন্সিপাল আমাদের বেরিয়ে যেতে বলেন। তিনি অরিত্রীকে টিসি (ছাড়পত্র) দেওয়ার নির্দেশ দেন।”
    গত সোমবার দুপুরে ঢাকার শান্তিনগরের বাসায় নিজের ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে অরিত্রী।

  • প্রার্থীতা ফিরে পেতে খালেদার পক্ষে আপিল করেনি কেউ

    প্রার্থীতা ফিরে পেতে খালেদার পক্ষে আপিল করেনি কেউ

    মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থীতা ফিরে পেতে দুই দিনে ৩১৮ জন আপিল করেছেন। মঙ্গলবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) বিভিন্ন রাজনৈতি দল ও স্বতন্ত্র ২৩৪ প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেতে আপিল করছেন। এর আগে গতকাল সোমবার করেছিলেন ৮৪ জন। তবে দ্বিতীয় দিনেও বিএনপি চেয়ারপার্সন দন্ডিত কারাবন্দী বেগম খালেদা জিয়ার পক্ষে কেউ আপিল করেননি।

    মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত আপিল গ্রহন করা হয়। এদিন ২৩৪ জনের মধ্যে রংপুর বিভাগের ২৭টি, রাজশাহী বিভাগের ২২টি, ঢাকা বিভাগের ৬৮টি, বরিশালের ১২, সিলেট বিভাগের ১৫টি, ময়মনসিংহ বিভাগের ১৬টি, খুলনা বিভাগের ১৮টি ও চট্টগ্রাম বিভাগের ৫৬টি আপিল জমা পড়েছে।
    এছাড়াও বগুড়া ৪ আসনের বিএনপি প্রার্থী হাফিজুর রহমান দলটির আরেক প্রার্থী আক্তারুজ্জামানের মনোনয়নপত্র গ্রহনের বিরুদ্ধে আপিল করেছেন।

    আপিলকারীদের মধ্যে রয়েছেন নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য এমএ করিম আব্বাসী, জাপার প্রেসিডিয়াম সদস্য সোহেল রানা, মেজর (অব.) মনজুর কাদের, ইমরান এইচ সরকার প্রমুখ আপিল করেন।

    এক শতাংশ ভোটার না থাকায়, ত্রুটিপূর্ণ মনোনয়ন, লাভজনক পদে থাকার জন্য, হলফনামায় স্বাক্ষর না থাকায়, আয়কর রিটার্ন দাখিল না করায়, ঋণ খেলাপির অভিযোগে, দণ্ডপ্রাপ্ত এবং অন্যান্য কারণে এদের মনোনয়নয়ন বাতিল করা হয়েছিল।

    গতকাল সোমবার ৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল গ্রহণের সময়সীমা থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। আগামীকাল বুধবার আপিল গ্রহণের শেষ দিন। এরপর ৬ ডিসেম্বর থেকে প্রার্থীদের আপিল গ্রহণের ওপর শুনানি চলবে। পরদিন ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৩০ ডিসেম্বব ভোট গ্রহণ।

  • কে বলেছে দেশি ফুটবলাররা ম্যাচ জেতাতে পারে না?

    কে বলেছে দেশি ফুটবলাররা ম্যাচ জেতাতে পারে না?

    প্রিমিয়ার ফুটবলে দেশি স্ট্রাইকার রোচে না, এমন ক্লাবের সংখ্যা কম নয়। গোলের জন্য তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে বিদেশি খেলোয়াড়দের দিকে। এখানে ব্যতিক্রম মারুফুলের আরামবাগ ক্রীড়া সংঘ। ক্লাবটির অন্যতম ভরসা দেশি তরুণ ফুটবলাররা। শেষ স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হওয়া দলটি এবারও টুর্নামেন্ট শুরু করেছে দুর্দান্ত জয় দিয়ে। আজ বিজেএমসির বিপক্ষে ২-১ গোলের জয়ে দলটির জয়ের নায়ক দুই তরুণ রবিউল হাসান ও আরিফুর রহমান।

    এক জয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আরামবাগ। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বিজেএমসির। আরামবাগের মতোই এক ম্যাচ জিতে শেষ আটে উঠল সাইফ স্পোর্টিং ক্লাব। ফলে সাইফ ও আরামবাগের ম্যাচটি এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

    শেষ মৌসুমে বিদেশিবিহীন স্বাধীনতা কাপ জিতে হইচই ফেলে দিয়েছিল তারুণ্যনির্ভর আরামবাগ। নতুন মৌসুমে প্রায় সেই দলটিকেই ধরে রেখেছে তাঁরা। ফলে মারুফুল হকের শিষ্যদের মাঠের পারফরম্যান্সও আলাদাভাবে নজর কেড়ে নেয়। তারুণ্যনির্ভর দলটির বোঝাপড়াটা ভালো হওয়ায় ঝড়ের গতিতে আক্রমণে উঠে, আবার ট্রাক ব্যাকও করে মৌমাছির চাকের মতো। জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে তো এমনি এমনি দেননি ফেডারেশন কাপের সেরা দলের তকমা।

    আজকের ম্যাচে নাইজেরিয়ার চিনেদু ম্যাথিউ ও ক্যামেরুনের পল এমিলিকে ফরোয়ার্ড লাইনে রেখে ৪-২-৩-১ ফরমেশনে দল সাজিয়েছিলেন মারুফুল। কিন্তু দুই বিদেশি স্ট্রাইকারকে ছাপিয়ে ম্যাচের নায়ক দুই দেশি—রবিউল ও আরিফ। ম্যাচের ৪ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রিকিকে গোল করে আরামবাগকে এগিয়ে দেন আরামবাগ অধিনায়ক রবিউল। অবশ্য এই গোলের জন্য রবিউল বেশি কৃতিত্ব দিতে পারেন বিজেএমসির গোলরক্ষক সোহাগ হোসেনকে। সোহাগ বলটা গ্রিপে নিতে গিয়ে হাতের ফাঁক গলে জালে।

    ৩৭ মিনিটে আরামবাগের দুই বিদেশি সেন্টারব্যাকের ভুলের সুযোগে বিজেএমসিকে ম্যাচে ফেরান অধিনায়ক স্যামসন ইলিয়াসু। প্রতিপক্ষের অফসাইড ফাঁদ ভেঙে ডিফেন্ডার আল আমিনের ক্রস বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আরামবাগ গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলকে খুব সহজেই হার মানিয়েছেন নাইজেরিয়ান এই মিডফিল্ডার। কিন্তু সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি আরিফুর। বিরতিতে যাওয়ার আগেই পল এমিলির সঙ্গে বল দেওয়া–নেওয়া করে প্রতিপক্ষের রক্ষণভাগের বাঁধন খুলে অনায়াসেই জালে পাঠিয়েছেন বল। গোলটির আগে ক্যামেরুন ও বাংলাদেশি এই জুটি বল দেওয়া–নেওয়া করেছেন চারবার।

    বেশ কিছু ক্লাব কর্তা হরহামেশা বলে থাকেন, দেশি ফুটবলাররা ম্যাচ জেতাতে পারেন না। কথাটা যে পুরোপুরি সত্যি নয়, তা বারবার প্রমাণ করে দেখাচ্ছে আরামবাগ। আজকের আগে ফেডারেশন কাপেও দুটি ম্যাচ আরামবাগ জিতেছিল দুই বিদেশি কম নিয়েই।

  • ইউটিউবার পুঁচকে রায়ানের আয় কত?

    ইউটিউবার পুঁচকে রায়ানের আয় কত?

    যে বয়সে শিশুরা খেলে, স্কুলে যায়—সেই বয়সেই রায়ানের বার্ষিক আয় ২ কোটি ডলারের ওপরে। তাও কীভাবে? তার এই আয় হয়েছে ইউটিউব থেকে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউটিউবে রায়ানের একটি চ্যানেল আছে। এতে বাচ্চাদের বিভিন্ন খেলনার রিভিউ বা পর্যালোচনা করে ভিডিওচিত্র প্রকাশ করা হয়। আর তাতেই বাজিমাত!

    ২০১৮ সালে ইউটিউব থেকে আয় করা প্রথম ১০ জনের মধ্যে সবার শীর্ষে রায়ানের অবস্থান। তার বয়স মোটে সাত বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস এই তালিকা প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, প্রথম স্থানেই আছে রায়ানের ইউটিউব চ্যানেল Ryan ToysReview। ২০১৭ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত ইউটিউব থেকে এই চ্যানেলের আয় ২২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮৫ কোটি টাকা। তবে রায়ানের এমন কীর্তি এবারই প্রথম নয়। গত বছর তার এই চ্যানেল আয়ের দিক থেকে তালিকার আট নম্বরে ছিল।

    এনডিটিভি বলছে, রায়ানের চ্যানেল বাদে ইউটিউব থেকে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে আরও নয়টি চ্যানেল। তবে ওই সব চ্যানেল সংশ্লিষ্ট ব্যক্তিদের সবাই প্রাপ্তবয়স্ক।

    ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে ছেলের নামে ইউটিউব চ্যানেলটি খোলেন রায়ানের মা-বাবা। বর্তমানে এই চ্যানেলের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৭৩ লাখ। আর এ পর্যন্ত চ্যানেলটিতে মোট ভিউয়ের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬০০ কোটি বার। রায়ানের কাজ হলো, ক্যামেরার সামনে নিজের মতো করে একা বা অন্য কারও সঙ্গে মিলে খেলা। নির্দিষ্ট একটি খেলনা সম্পর্কে মন্তব্য করে সে।

    রায়ান মিলিয়নিয়ার হওয়ার মানে বোঝে না। সম্প্রতি সে এনবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছে। ওই সাক্ষাৎকারে ভিডিওচিত্র নিজের ভূমিকা সম্পর্কে রায়ানের বক্তব্য, ‘আমি বিনোদন দিতে পারি এবং আমি মজা করি।’

    ২০১৮ সালে ইউটিউব থেকে আয়ের দিক থেকে যেগুলো সেরা:

    Ryan ToysReview— আয় ২২ মিলিয়ন মার্কিন ডলার।
    Jake Paul—২১.৫ মিলিয়ন মার্কিন ডলার
    Dude Perfect—২০ মিলিয়ন মার্কিন ডলার
    DanTDM—১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার
    Jeffree Star—১৮ মিলিয়ন মার্কিন ডলার
    Markiplier—১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার
    Vanoss Gaming—১৭ মিলিয়ন মার্কিন ডলার
    Jacksepticeye—১৬ মিলিয়ন মার্কিন ডলার
    PewDiePie—১৫.৫ মিলিয়ন মার্কিন ডলার
    Logan Paul—১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার

  • নিজের সশস্ত্র নিরাপত্তা চান ইসি সচিব

    নিজের সশস্ত্র নিরাপত্তা চান ইসি সচিব

    নিজ নিরাপত্তার কারণ দেখিয়ে শটগানসহ আরো কয়েকজন নিরাপত্তারক্ষী চেয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। ইসি সচিবের একান্ত সচিব মো. আল মামুন ডিএমপি কমিশনার বরাবর চিঠিটি পৌঁছে দেন।

    ইসির সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর এই চিঠি দেয়া হয়। ঐ চিঠিতে উল্লেখ করা হয়। আসন্ন একাদশ সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। ৩০ ডিসেম্বর এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ নির্বাচনের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিবের নিরাপত্তার জন্য ডিএমপির প্রটেকশন বিভাগ নিযুক্ত পিস্তলসহ দেহরক্ষী কর্মরত রয়েছেন।

    জাতীয় নির্বাচন চলাকালে তার নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এজন্য পিস্তলসহ দেহরক্ষী/গানম্যানের পাশাপাশি শটগানসহ আরো একজনদেহরক্ষী/গানম্যান নিযুক্ত করা প্রয়োজন। নির্বাচন কমিশনের সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গানম্যান নিযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    উল্লেখ্য, এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি একাধিকবার ইসির সচিব হেলালুদ্দীন আহমেদের বিরুদ্ধে পক্ষপাতিত্তের অভিযোগ করে তার বদলি ও প্রত্যাহার চেয়ে আবেদন করেছিল।

  • মনোনয়ন-বাণিজ্যে রেকর্ড করেছে বিএনপি: কাদের

    মনোনয়ন-বাণিজ্যে রেকর্ড করেছে বিএনপি: কাদের

    এবারের নির্বাচনে বিএনপি মনোনয়ন-বাণিজ্যে রেকর্ড করেছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, মনোনয়ন-বাণিজ্যের কারণেই মূলত বিএনপির প্রার্থীর সংখ্যা এতে বেশি।

    মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
    যাচাই-বাছাইয়ে বিএনপির প্রার্থীদের মনোনয়ন বেশি বাতিল হয়েছে। এই তুলনায় আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা খুবই কম। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের ২৭৮ জনের মনোনয়ন টিকেছে আর বিএনপির টিকেছে ৫৫৫ জনের। তাহলে মনোনয়ন কার বেশি টিকেছে। নির্বাচনে তো অংশগ্রহণ করবে তিনশ জন, এর মধ্যে ঐক্যফ্রন্টকে দিতে হবে না?  প্রার্থী হবে তিনশ, এখানে ৫৫৫ জন কোথা থেকে এলো।’

    কাদের বলেন, ‘আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, গুঞ্জন ছড়িয়ে পড়ছে বিএনপি মনোনয়ন-বাণিজ্যে এবার রেকর্ড করেছে। এই যে এসব প্রার্থী ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল হয়েছে তারপর এখনও ৫৫৫ জন রয়েছে। এটা কি মনোনয়ন-বাণিজ্য নয়?’
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো কোনো শীর্ষ নেতা ঢাকা থেকে পালিয়ে গেছেন। যাদের থেকে টাকা নিয়েছেন তারা এখন বাড়িতে বাড়িতে গিয়ে ধরনা দিচ্ছে। এলাকায় গিয়ে তারা এখন এই মুহূর্তে প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, মনোনয়ন-বাণিজ্যের টাকা নিয়ে পালিয়ে গেছে এরকম খবরও আমরা পাচ্ছি।’

    ‘বিএনপির শীর্ষ নেতাদের মনোনয়ন বাতিল করে সরকার পুতুল নাচের খেলা আয়োজন করেছে’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীয় এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘তাদের মনোনয়ন প্রক্রিয়াটাই একটা পুতুল নাচের খেলা। সরকার কেন করবে? নির্বাচন কমিশন কি সরকার?’

    জাতীয় পার্টির মহাসচিবকে পদ থেকে সরিয়ে দেয়ায় মহাজোটের প্রার্থী মনোনয়নে কোনো টানাপোড়েন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় পার্টির মহাসচিবের বহিষ্কারের বিষয়টা তাদের ব্যাপার, এখানে আমাদের কিছু বলার নেই। মহাজোটের যে ঐক্য প্রক্রিয়া এখানে এর প্রভাব পড়বে না।’

    আগামী  নির্বাচনে জিয়া পরিবারের কেউ অংশগ্রহণ না করায় বিএনপির রাজনীতিতে জিয়া পরিবার নিশ্চিহ্ন হওয়ার পথে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পাপে, আমি আজকে ভিকটিম হচ্ছি, আমার অন্যায়ে আজকে আমি ভিকটিম হচ্ছি। এতে অন্যদের কী করার আছে।’

    দলীয় সমর্থকদের দ্বন্দ্বে পাবনায় দুজন নিহত হওয়ার ঘটনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা সামাজিক ব্যাপারেও হতে পারে। নরসিংদীদের ৫০ বছর ধরে ঘটে আসা সামাজিক দ্বন্দ্বকেও দলীয় হিসেবে অনেকে প্রচার করেছে। এখন পাবনার ঘটনাও সেরকম কিছু হতে পারে।’

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

  • আরো নিরাপত্তারক্ষী চান ইসি সচিব

    আরো নিরাপত্তারক্ষী চান ইসি সচিব

    নিজের নিরাপত্তার জন্য পিস্তলসহ একজন নিরাপত্তারক্ষী থাকলেও শটগানসহ আরেকজন নিরাপত্তারক্ষী চেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

    এ জন্য ঢাকার পুলিশ কমিশনার কমিশনার বরাবর চিঠিও দেওয়া হয়েছে। সোমবার ইসি সচিবের একান্ত সচিব আল মামুন চিঠিটি দেন।

    চিঠিতে লেখা রয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে । ৩০ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ নির্বাচনের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন।  সচিবের নিরাপত্তার জন্য ডিএমপির প্রটেকশ বিভাগ নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী কর্মরত রয়েছে। জাতীয় নির্বাচন চলাকালে তার নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ জন্য পিস্তলসহ দেহরক্ষী/গানম্যানের পাশাপাশি শটগানসহ আরও একজন দেহরক্ষী/গানম্যন নিযুক্ত করা প্রয়োজন।’

    ‘নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদের নিরাপত্তা  জারদারের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গানম্যান নিযুক্ত করার প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

    বিশিষ্টজনদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে বরাবর নানা ব্যবস্থা নেয়া হয়। আর নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা ভোটের আগে সব সময় গানম্যানসহ নিরাপত্তা পান।

    নির্বাচন কমিশন সচিবের এই চিঠির পর নতুন কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, এ বিষয়ে ডিএমপির বক্তব্য পাওয়া যায়নি সংস্থাটির মিডিয়া শাখার কোনো কর্মকর্তা ফোন না ধরায়।

    নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচন কমিশনের সমালোচনায় মুখর। তাদের আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তু সচিব হেলালুদ্দীন। সম্প্রতি বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে হেলালুদ্দীনের বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ আনেন। তবে হেলালুদ্দীন জানান, এসব অবান্তর অভিযোগ তোলা হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

  • অবশেষে ৮ ডিসেম্বর খুলছে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

    অবশেষে ৮ ডিসেম্বর খুলছে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

    অবশেষে ৩৩ দিন বন্ধ থাকার পর আগামী ৮ ডিসেম্বর খুলে দেয়া হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

    বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার রিজেন্ট বোর্ডের ৪৮তম জরুরি সভা হয়। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ০৭ ডিসেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হলসমূহ এবং আগামী ০৮ ডিসেম্বর শনিবার বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে।

    উল্লেখ্য, গত ৫ নভেম্বর ছয় দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাসবর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করেছিল শিক্ষার্থীরা। ওইদিন দুপুর সাড়ে ১২টা থেকে ক্যাম্পাসের প্রবেশের মূল ফটক ও প্রশাসনিক ভবন আটকিয়ে দাবি আদায়ের জন্যে বিক্ষোভ প্রর্দশন করে তারা। এমন পরিস্থিতিতে একইদিন সন্ধ্যায় রিজেন্ট বোর্ডের জরুরি সভায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

    শিক্ষার্থীদের ছয় দফা দাবি গুলো হলো- ২০১৫-১৬ শিক্ষাবর্ষসহ পরবর্তী সকল ব্যাচসমূহের অডিন্যান্সের আওতাভুক্ত করা, হলের ডাইনিংয়ের খাবার উন্নয়নের জন্য ভর্তুকি প্রদান, ক্লাস রুম ও চেয়ার সংকট দূর করা, পরিবহন সংকট সমাধান, ক্যাম্পাসে ওয়াইফাই এর ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ ফাঁড়ি স্থাপন।