নিউস ভয়েস অফ বাংলাদেশ স্পোর্স ডেস্কঃ ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়িকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসান। উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় তার দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনার পরই বিচ্ছেদের বিষয়টি সামনে এসেছে।
হোসামের দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তাফার আইনজীবী মোহাম্মদ শামস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে হোসামের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের অবসান হলো। তাদের সংসারে আয়া, রুয়া ও ওমর নামে তিন সন্তান রয়েছে।
গত শুক্রবার (১৪ আগস্ট) মিসরের উত্তর উপকূলের একটি অভিজাত হোটেলের ক্যাফেতে হোসামের দুই স্ত্রী মুখোমুখি হন। প্রথমে কথা কাটাকাটি হলেও একপর্যায়ে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এতে ক্যাফেতে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন পুলিশকে খবর দেন।
প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষে দুই পক্ষই আহত হন এবং শরীরে কালশিটে দাগ দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে সফল হননি হোসাম হাসান। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
ঘটনার ভিডিও ও বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিসরের ক্রীড়াঙ্গনেও ব্যাপক আলোচনা শুরু হয়। ব্যক্তিগত জীবনের এমন ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন দেশটির জাতীয় দলের এই কোচ।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার পর বিরোধের অবসান ঘটাতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হোসাম। এরই ধারাবাহিকতায় প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে তার দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে।
হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে হোসামের সম্পর্ক দীর্ঘদিনের। ২০২২ সালেও তাদের মধ্যে প্রায় ১০ দিনের বিচ্ছেদ হয়েছিল। পরে অবশ্য তারা আবার একসঙ্গে সংসার শুরু করেন। তবে এবার সাম্প্রতিক বিরোধের পর সেই সম্পর্ক স্থায়ীভাবে শেষ করার সিদ্ধান্ত নিলেন হোসাম।
অন্যদিকে, ২০১৫ সালে দিনা মোস্তাফাকে বিয়ে করেন হোসাম। তিনি ‘ড্যান অ্যাডাম’ নামেও পরিচিত। মিসরের উত্তর উপকূলের মারিনা এলাকায় তাদের পরিচয় থেকে সম্পর্কের শুরু, পরে তা বিয়েতে গড়ায়।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ফুটবল মাঠেও আলোচনায় ছিলেন হোসাম হাসান। সর্বশেষ ফিফা বিশ্বকাপে তার অধীনে শেষ ষোলোতে উঠেছিল মিসর। তবে বিতর্কিত এক ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।
এবার দুই স্ত্রীর হাতাহাতি, কোচের জ্ঞান হারানো এবং এরপর প্রথম স্ত্রীকে ডিভোর্স—সব মিলিয়ে মিসরের ফুটবল অঙ্গনের পরিচিত এই কোচের ব্যক্তিগত জীবনই পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স
প্রতিনিধির নাম : 



















