Blog

  • দেশের মোবাইল গ্রাহক ১৫ কোটি ছাড়ালো

    দেশের মোবাইল গ্রাহক ১৫ কোটি ছাড়ালো

    বাংলাদেশের মোবাইল গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬০লাখ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) তথ্যানুযায়ী গত দশ মাসে বাংলাদেশে মোবাইল গ্রাহক বেড়েছে ১ কোটি ৩ লাখ ৫০ হাজার।

    বিটিআরসি’র তথ্যানুসারে চলতি বছরের অক্টোবোর মাস পর্যন্ত বাংলাদেশে মোট মোবাইল গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার।

    বাংলাদেশে বড় অপারেটর গ্রামীনফোনের গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ২০ লাখ ৫ হাজার। অন্যদিকে রবির গ্রাহক সংখ্যা ৪ কোটি ৭১ লাখ ৬২ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৩৮ লাখ ৯ হাজার এবং বাংলাদেশ রাস্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা বর্তমানে ৩৪ লাখ ৯৩ হাজার।

    ২০১৭ সালে বাংলাদেশে মোবাইল গ্রাহক ছিল ১৪ কোটি ৫১ লাখ ১৪ হাজার।

  • শিগগিরই দেখা যাবে শফিকুর রহমান শান্তনুর ‘থার্টিন ডেজ’

    শিগগিরই দেখা যাবে শফিকুর রহমান শান্তনুর ‘থার্টিন ডেজ’

    সম্প্রতি উত্তরায় শুটিং হলো গ্রামীন ফোন নিবেদিত বিশেষ নাটক ‘থার্টিন ডেজ’। নাটকটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। অভিনয় করেছেন রওনক হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, নিশাত প্রিয়ম, মিলি বাশারসহ আরো অনেকে।

    নাটকের গল্পে দেখা যায়, পিয়ানার সাথে মিশুর পরিচয় বাসর রাতে। তাদের এরেনজ ম্যারেজ। মিশুর একটা জেদ ছিল বিয়ের আগে পাত্রীকে দেখবে না। মা যাকে ভালো মনে করে তার সাথে বিয়ে দেয় তাকেই বিয়ে করবে। মায়ের পছন্দ মতো পিয়ানাকে বিয়ে করে বাসর রাতে পরিচিত হয় মিশু। পিয়ানার অবশ্য ইচ্ছা ছিল, বিয়ের আগে হবু স্বামীকে একটু চিনবে, জানবে। সেটা মিশুর অনাগ্রহের কারণে হয়ে ওঠেনি। তাই বাসর রাতে কথার ঝাঁপি খুলে দেয় দুজনেই। তারা ভালো স্বামী স্ত্রী হতে পারবে কিনা ঠিক না হলেও ভালো বন্ধু হয়ে যায় সে রাতেই। তাই মিশুর সম্পর্কে পিয়ানার ধারনা, নিশ্চয়ই মিশু বিয়ের আগে কারো কাছে বড় ধরনের ছ্যাকা খেয়েছে বলে নিজের হবু স্ত্রীর মুখও দেখতে চায় নি। মিশু অবশ্য সে ধারণা ভেঙে দেয়। পিয়ানা অকপটে স্বীকার করে, তার একটা প্রেম ছিল। কিন্তু বেশিদিন টেকে নি। বিয়ের পরে যথারীতি হানিমুন। কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করে। বিয়ের ১৩ দিনের মাথায় যাত্রাপথে এক ভয়াবহ দুর্ঘটনায় পিয়ানার মৃত্যু হয়। ভেঙে পড়ে মিশু। কারণ মাত্র ১৩ দিনেই সত্যিকারের ভালোবেসেছিল তাকে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব , অফিসের সহকর্মীদের চাপেই আবার বিয়ে করতে বাধ্য হয় মিশু। দ্বিতীয় স্ত্রী নীলা মিশুকে গ্রহণ করলেও গভীর আনন্দে। তবু সমস্যা শুরু হল। সেই সমস্যা ভয়ংকর।

    শিগগিরই দেখা যাবে শফিকুর রহমান শান্তনুর ‘থার্টিন ডেজ’

    এ সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘প্যারা সাইকোলজিক্যাল আবহের নাটক থার্টিন ডে’জ যা আমাদের জীবন সম্পর্কে নতুন করে ভাবায়। নাটকটি শিগগিরই গাজী টিভিতে প্রচার হবে।’

  • তিন ফিফটিতে বাংলাদেশ ২৫৫

    তিন ফিফটিতে বাংলাদেশ ২৫৫

    ৩৬ ওভার শেষে স্কোরবোর্ডের দিকে তাকাতেই একটু অবাক হওয়ার পালা। ১২০টি ডট বল! তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ১১১ রানের অমন দুর্দান্ত একটা জুটির পরেও ডটবলের সংখ্যাটা একটু বেশিই হয়ে গিয়েছিল। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে সাকিব আল হাসানের সেটি চোখে পড়েছে নিশ্চয়ই। সে কারণেই শেষের দিকের ওভারগুলিতে তিনি আরও বেশি করেই চড়াও হলেন ক্যারিবীয় বোলারদের ওপর। তামিম ও মুশফিকের দুটি ফিফটির সঙ্গে যোগ হলো সাকিবের ৬২ বলে ৬৫। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৫ রান তুলেছে বাংলাদেশ।

    টসে হেরে ব্যাটিংয়ে নেমেই ওশানে টমাসের গতির ঝড়ে পড়েছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই টমাসের ইয়র্কার লেংথের একটি বলে লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে অ্যাঙ্কেলে আঘাত পেলেন লিটন দাস। সঙ্গে সঙ্গে তাঁকে নিতে হলো হাসপাতালে এক্স-রে করানোর জন্য। পরে অবশ্য তাঁর পায়ে কোনো সমস্যা ধরা পড়েনি। পরে তিনি ব্যাটিংয়েও নামলেন। তবে শুরুর ধাক্কাটা যথেষ্টই ছিল দলের জন্য। সে ধাক্কাতেই কিনা ইমরুল কায়েসও সামলাতে পারলেন না টমাসের গতি। রানের খাতা খোলার আগেই উইকেটের পেছনে শাই হোপকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

    কিছুটা এলোমেলো দলের হালটা শক্ত হাতেই ধরেছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এই জুটি ১১১ রান যোগ করে। সবচেয়ে বড় কথা তামিম ও মুশফিকের জুটি শুরুর ধাক্কাটা দারুণভাবেই সামাল দিয়েছেন এ দুজন। তামিম ৬৩ বলে ৫০ করেন ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে। তামিম ফেরেন দেবেন্দ্র বিশুর বলে ডিপ মিড উইকেটে কেমার রোচের ক্যাচ হয়ে। তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। তিনি ৮০ বলে ৬২ রান করে টমাসের অফস্টাম্পের বাইরের একটি বলে খোঁচা দিয়ে ফেরেন উইকেটরক্ষক হোপকে ক্যাচ দিয়ে।
    তামিম ও মুশফিকের দারুণ এই জুটি দলকে এগিয়ে দিয়ে গিয়েছিল অনেকটা পথ। মাহমুদউল্লাহ ও সাকিবের চতুর্থ উইকেট জুটিতে আসে ৬১ রান। তবে এই জুটি একটু বেশিই ধীরে খেলছিল। মাহমুদউল্লাহ ৫০ বলে ৩১ রান করেন। এই একটি জায়গায় বাংলাদেশ একটু পিছিয়ে পড়েছিল। তবে সাকিব শেষ দিকে একটু গতি বাড়িয়ে সেটি সামাল দিতে চেষ্টা করেছেন।

    সৌম্য সরকার ও আহত লিটন দাসের ব্যাট আজ হাসেনি। লিটন শুশ্রূষার পর মাঠে নেমে আশা জাগিয়েছিলেন। কিন্তু কিমো পলের বলে তুলে মারতে গিয়ে হেটমায়ারের ক্যাচ হন তিনি। সৌম্য তাঁর ট্রেডমার্ক ‘পেরিস্কোপ’ শটটি খেলতে চেয়েছিলেন টমাসের গতি ব্যবহার করে। কিন্তু ব্যক্তিগত ৬ রানে তিনি ধরা পড়েন বিশুর হাতে।সাকিব আউট হয়েছেন খুব গুরুত্বপূর্ণ সময়। সদ্যই হাত খুলেছিলেন। উইকেটের চারদিকে নানা আঙ্গিকের শট খেলছিলেন। কিন্তু ৬২ বলে ৬৫ রান করে তিনি বোল্ড হন কেমার রোচের বলে। শেষের দিকে মেহেদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মুর্তজা খুব একটা হাত খুলতে পারেননি। শেষ চার ওভারে এ দুজন ২১ রানের বেশি নিতে পারেননি। মিরাজ অপরাজিত ছিলেন ১০ রানে। মাশরাফি ৬ রানে।

    ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টমাস ৫৪ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন রোচ, পল ও বিশু।

  • খালেদার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ

    খালেদার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ

    কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার  মনোনয়নপত্র ইসিতে অবৈধ হওয়ার বিরুদ্ধে করা রিটের ওপর বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট।

    মঙ্গলবার বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন। একইসঙ্গে রুলও জারি করেছেন।

    বেঞ্চের অপর বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছেন।

    আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

    আদেশের বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল ঢাকাটাইমসকে বলেন, ‘বেঞ্চের প্রিজাইডিং জজ খালেদা জিয়ার মনোনয়ন বৈধ বলে আদেশ দিয়েছেন। কিন্তু অপর বিচারপতি দ্বিমত পোষণ করেছেন।’

    পরবর্তী পদক্ষেপ বিষয়ে তিনি বলেন, ‘নিয়ম অনুসারে এখন  আবেদনগুলো প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি বিষয়গুলো নিষ্পত্তির জন্য অন্য বিচারপতির কাছে পাঠাবেন।’

    ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে খালেদা জিয়া রিট দায়ের করেন। গতকাল সোমবার এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন।

    শুনানির সময় ইউরোপীয় ইউনিয়নের ‘ইলেকশন এক্সপার্ট মিশনের’ আইন বিশেষজ্ঞ ইরিনি মারিয়া গোনারি আদালতে উপস্থিত ছিলেন।

  • টেকনোক্র্যাটদের ৪ দপ্তর সামলাবেন ৩ জন

    টেকনোক্র্যাটদের ৪ দপ্তর সামলাবেন ৩ জন

    টেকনোক্র্যাট চার মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর চার মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে বণ্টন করা হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সামলাবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েল দায়িত্ব দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের হাতে। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে ধর্ম মন্ত্রণালয়েরও মন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

    বর্তমানে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এখন অতিরিক্ত হিসেবে আরও দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।

    রুলস অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে মন্ত্রীদের এসব মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন জানিয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ আদেশ জারি করেছে।

    গত ৯ ডিসেম্বর ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই এই চার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ শূন্য হয়ে পড়ে।

    নির্বাচনকালীন মন্ত্রিসভায় কোনো টেকনোক্র্যাট মন্ত্রী না রাখার সিদ্ধান্ত রয়েছে সরকারের। তাই গত ৬ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনোক্র্যাট (সংসদ সদস্য না হয়েও বিশেষ বিবেচনায় মন্ত্রী) মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন। ওইদিনই বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চার মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

    বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী, দুইজন উপমন্ত্রী রয়েছেন।

    গত ৩ ডিসেম্বর বর্তমান সরকারের শেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

     

  • বিজয় দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ

    মহান বিজয় দিবস ২০১৮ উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সমাবেশ, ক্রীড়ানুষ্ঠানসহ বিভিন্ন কমর্সসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি আন্ত: মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালককের কাছে রোববার (৯ ডিসেম্বর) চিঠি পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাকে এ তথ্য নিশ্চিত করেন।

    নির্দেশনায় ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল অধিদপ্তর-দপ্তর, সরকারি বেসরকারি, স্বায়ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে। এছাড়া ১৬ ডিসেম্বরে দেশের সকল জেলা ও উপজেলা সদরে অনুষ্ঠেয় কুচকাওয়াজ অনুষ্ঠানে স্কুল-কলেজ ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    এছাড়া ১৬ ডিসেম্বর দেশের সকল জেলা ও উপজেলা সদরের সকল সরকারি বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, নৌকা বাইচ (যেখানে সম্ভব) ফুটবল, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করতে বলা হয়েছে। অপরদিকে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, বির্তক ও মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।

    দেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের অয়োজন করতে হবে। ১৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।

    দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বহন করবে বলেও জানানো হয়েছে।

  • প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর

    প্রাথমিক সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ২৪ ডিসেম্বর (সোমবার) প্রকাশ করা হবে।  মঙ্গলবার (১১ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক দৈনিক শিক্ষাকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

    শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দৈনিকশিক্ষা ডটকমকে জানান,আগামী ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর ১ জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অথবা শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন সারাদেশে একযোগে বই উৎসবের উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রী যদি উৎসবের দিন অংশ নিতে না পারেন তাহলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বই উৎসবের উদ্বোধন করবেন।’

    শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, জেএসসি পরীক্ষার ফল ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন।

    অন্যদিকে প্রাথমিক সমাপনীর ফল ২৬ বা ২৭ ডিসেম্বর প্রকাশের সময় চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী ২৪ তারিখের সম্মতি দেওয়ায় দুই সমাপনীর ফল প্রকাশ হবে একই দিনে।

    গত কয়েক বছরও পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফল একই দিনে প্রকাশ করা হয়। সাধারণত ডিসেম্বের শেষে এই ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ থাকায় আগেই ফল প্রকাশের প্রস্তুতি নেয় দুই মন্ত্রণালয়।

    গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নিয়েছে। আর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।

  • জোবাইক এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

    জোবাইক এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করেছে দেশের প্রথম বাইসাইকেল শেয়ারিং সেবা জোবাইক। ক্যাম্পাসের অভ্যন্তরে বিদ্যমান পরিবহন সংকট নিরসনে কাজ করছে জোবাইক। প্রতিষ্ঠানটি বলছে, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়র শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা শুধুমাত্র ক্যাম্পাসের অভ্যন্তরেই এ সেবা গ্রহণ করতে পারবেন। জোবাইক ব্যবহার করার জন্য ব্যবহারকারীর মোবাইল ফোনে থাকতে হবে জোবাইকের অ্যাপ।

    অ্যাপ ইনস্টল করে নিজের ফোন নম্বর আর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দিয়ে এ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে উপভোগ করা যাবে এ সেবা। সেবা ব্যবহারে প্রতি ৫ মিনিট ৩ টাকা হারে ভাড়া পরিশোধ করতে হবে ব্যবহারকারীদের।

    বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, ২নং গেইট, সামাজিক বিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় শহীদ মিনার, প্রশাসনিক ভবন, কলা ও মানববিদ্যা অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ, এনভায়রনমেন্টাল ইনিষ্টিটিউট, দোলা সরণী, প্রীতিলতা হল ও শামসুন্নাহার হল সংলগ্ন স্থানে জোবাইক এর পার্কিংজোন তৈরি করার জন্য কাজ করছেন সংশ্লিষ্টরা।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবহারকারীরা যেকোন প্রয়োজনে ক্যাম্পাসে শহীদ মিনার সংলগ্ন (লেডিস ঝুপড়ি) জোবাইক আউটলেটে যোগাযোগ করতে পারেন। জোবাইক সম্পর্কিত যেকোন তথ্য, অভিযোগ জানাতে পারেন সেখানে। জোবাইক অ্যাপে ব্যালেন্স রিচার্জ করার সুবিধাও রয়েছে সেখানে।

    এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবহারকারীদের জন্য ফেইসবুকে খোলা হয়েছে ‘জোবাইক সিইউ কমিউনিটি’ নামে একটি গ্রুপ। সেবা সম্পর্কে যেকোন ধরনের তথ্য কিংবা সমস্যার কথা জানানো যাবে এই অনলাইন গ্রুপে। পাশাপাশি ০৯৬৭৮১৮১৮১৮ নম্বরে ফোন করেও জোবাইক সম্পর্কে যেকোন তথ্য জানা যাবে।

    প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী রেজা জানান, এই মুহূর্তে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত আছে জোবাইকের অ্যাপ। তবে শিগগির আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে এ সেবা। বাইসাইকেলে ইন্টারনেট অব থিংস প্রযুক্তি ব্যবহার করে একই বাইসাইকেল একাধিক ব্যবহারকারীকে ব্যবহারের সুযোগ করে দিচ্ছে জোবাইক এবং একই সাথে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য জোবাইক বাংলাদেশে এমন একটি পরিবহন ব্যবস্থার সূচনা করেছে যা কিনা পরিবেশ বান্ধব ও স্বল্প খরচে এবং সহজে ব্যবহারযোগ্য বলে মনে করেন তিনি।

  • জয়নবকে বাঁচাতে রক্তের খোঁজ চলছে গোটা দুনিয়ায়

    জয়নবকে বাঁচাতে রক্তের খোঁজ চলছে গোটা দুনিয়ায়

    যুক্তরাষ্ট্রের বাসিন্দা জয়নব মুগল। মাত্র দুই বছর বয়স এই মেয়েটির। এ বয়েসেই সে ক্যান্সারে আক্রান্ত । কিন্তু দু:খের বিষয় হল, তার রক্তের গ্রুপ এতই দুর্লভ যে তার চিকিৎসার জন্য রক্ত পেতে শুরু হয়েছে এক বিশ্বব্যাপী অভিযান।

    বিবিসি জানায়, এ বছরেরই গোড়ার দিকে জয়নবের দেহে নিউরোব্লাস্টোমা নামক এক রোগ ধরা পড়ে; যা খুবই বিরল এবং আগ্রাসী এক ধরণের ক্যান্সার।

    জয়নবের রক্ত যে গ্রুপ তা অতিশয় দুর্লভ এবং বিরল, কারণ তার রক্তের লোহিতকণিকায় ‘ইন্ডিয়ান বি’ নামের একটি এ্যান্টিজেন নেই। এ রক্ত পাওয়া যাবে শুধুমাত্র ভারতীয়, পাকিস্তানী বা ইরানীদের মধ্যে যাদের রক্তের গ্রুপ ‘ও’ বা ‘এ’ – তাদের মধ্যে।

    বাবা-মায়ের সঙ্গে জয়নব 

    (more…)

  • শুটিংয়ের সেটে এসে বাবাকে অভিনয় শেখালেন শাহরুখ-কন্যা!

    শুটিংয়ের সেটে এসে বাবাকে অভিনয় শেখালেন শাহরুখ-কন্যা!

    ‘জিরো’ সিনেমার সেটে মেয়ে সুহানা খানের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সে সময় সিনেমাটির ‘মেরে নাম তু’ গানের রিহার্সেল চলছিলো। শাহরুখ জানিয়েছেন, সেটে মেয়ের কাছ থেকে অভিনয় শিখেছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।

    ছবির ক্যাপশনে শাহরুখ লিখেন ‘মেরে নাম তু গানের মিষ্টি মুহূর্ত এটি। আমার মেয়ে আমাকে সঠিকভাবে গানের সঙ্গে ঠোট মেলাতে শেখাচ্ছে। আশা করি শুটিং শেষে গানটি দেখার পর সুহানা অনুমোদন দেবে।’

    এখনও পর্যন্ত নির্মাতারা ‘জিরো’ ছবির দুটো গান প্রকাশ করেছেন। একটা মেরে নাম তু, আর দ্বিতীয়টা শাহরুখ-সালমনের ওপর দৃশ্যায়িত ইশকবাজি। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা অভিনীত ও আনন্দ এল রাইয়ের পরিচালনায় জিরো মুক্তি পেতে চলেছে ২১ ডিসেম্বর।

    কিছুদিন আগে সুহানাকে দেখা গিয়েছিল ‘জিরো’ ছবির গানের মেকিং ভিডিও তৈরি করতে। অজয়-অতুলের কম্পোজিশনের এই গানটির কোরিওগ্রাফি করেছেন রেমো ডি’সুজা। গানটির মেকিং ভিডিওতে আনুশকা শর্মা অভিজ্ঞতা শেয়ার করেছেন। আনুশকা বলেন, ‘ওটা আমার জন্য সেরা সময় ছিল যেহেতু আমি ভীষণ মনের মতো পোশাক পরে শুটিং করতে পেরেছি। সাধারণত রোমান্টিক নাম্বারের শুটিংয়ে নয়িকাদের যে পোশাক দেওয়া হয় সেটা আনকমফর্টেবল থাকে। এখানে আমি নাইট স্যুটে ছিলাম।’